নারায়ণগঞ্জে পত্রিকা সম্পাদকের বাড়ির সামনে ‘বোমার বিস্ফোরণ’
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক খবরের পাতার সম্পাদক মাহবুবুর রহমান মাসুমের বাড়ির সামনে ‘বোমার বিস্ফোরণ’ ঘটানো হয়েছে।
শুক্রবার রাত ৩টার দিকে বিস্ফোরণের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে সদর থানার ওসি মো. শাহজামান জানিয়েছেন।
তবে ঘটনার জন্য কাউকে পুলিশ এখনও চিহ্নিত করতে পারেনি।
মাহবুবু রহমান মাসুম নারায়ণগঞ্জ শহরের আলম খান লেন এলাকায় পাঁচতলা একটি বাড়ির দোতালায় সপরিবার থাকেন।
তিনি সাংবাদিকদের বলেন, রাত ৩টার দিকে বাড়ির প্রধান ফটকের সামনে বিস্ফোরণ হয়।
“আমরা বোমার বিকট শব্দে আতঙ্কে বাইরে বেরিয়ে আসি। বোমা বিস্ফোরণে বাড়ির সামনে ধোঁয়ায় ভরে যায়। বোমার উপাদান ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখি। খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসে।”
তিনি পাশের বাড়ি থেকে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছেন জানিয়ে বলেন, “ফুটেজে দেখা যাচ্ছে রাত আড়াইটার দিকে এক যুবক একটি ব্যাগ হাতে করে এসে বাড়ির মেইন গেইটের সামনে রেখে যাচ্ছে। এর ১০ মিনিট পর বোমাটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে আগুনের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে।”
বিস্ফোরণের ঘটনায় পুলিশ বাদী হয়ে সাধারণ ডায়েরি করেছে।
ওসি শাহজামান বলেন, “বোমা বিস্ফোরণের ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
ঘটনার নিন্দা জানিয়ে অপরাধীর বিচার দাবি করেছে নারায়ণগঞ্জ প্রেসক্লাব ও নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ন।
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি খন্দকার শাহ্ আলম ও সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, “নারায়ণগঞ্জের বিভিন্ন অন্যায়, অত্যাচারের বিরুদ্ধে মাহবুবুর রহমান মাসুম বলিষ্ঠ ও দৃঢ় কণ্ঠস্বর। এর জের ধরেই তার বাসার সামনে এ বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে আমরা মনে করছি। আমরা এমন ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানাই।”
