সিরাজগঞ্জে মেয়েকে ‘হত্যার’ পর বাবার ‘আত্মহত্যা’
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক ব্যক্তি তার মেয়েকে শ্বাসরোধে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।
শনিবার সকালে উপজেলার বাঙ্গালা ইউনিয়নের বিনায়েকপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে থানার ওসি হুমায়ুন কবির জানান।
মৃতরা হলেন-উল্লাপাড়া ধড়ইল ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের পরিদর্শক ও বিনায়েকপুর গ্রামের মো. আব্দুর রশিদ মাস্টারের ছেলে মঞ্জুরুল হক রাজিব (৩৬) ও তার মেয়ে তানসিম খাতুন রাকা (৯)।
ওসি বলেন, “রাজিব সম্প্রতি তার চাচার কাছ থেকে জমি কেনেন। কিন্তু সেই জমি বুঝিয়ে না দেওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। এ অবস্থায় শনিবার সকাল ৯টার দিকে বাড়ির একটি ঘরে মেয়েকে শ্বাসরোধে হত্যার পর রাজিব গলায় দঁড়ি দিয়ে আত্মহত্যা করেন।”
তাদের লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর পক্রিয়া চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
