২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় ‘সরকারি রাস্তায় ইউপি সদস্যের ভাতিজার’ বাঁশের বেড়া

পাবনায় দখলের উদ্দেশ্যে সরকারি রাস্তায় বাঁশের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ উঠেছে এক ইউনিয়ন পরিষদ সদস্যের ভাতিজার বিরুদ্ধে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2022, 04:36 PM

Updated : 25 Oct 2022, 10:18 AM

জেলার বেড়া উপজেলার জাতসাকিনী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য কালাম মণ্ডলের ভাতিজা আলহাজ মণ্ডলের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ অবগত হয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসন।

উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান শায়লা শারমিন ইতি বলেন, “মানচিত্র অনুযায়ী এটা সরকারি রাস্তা। প্রায় আধা কিলোমিটার রাস্তাটির প্রস্থ ১৫ ফিট। উপজেলা পরিষদ থেকে বরাদ্দ দিয়ে মাটি কেটে উন্নত করার পদক্ষেপ নেওয়া হয়। কিন্তু কাজ করতে গেলে এক ব্যক্তি নিজের জায়গা দাবি করে বাঁশের বেড়া দেন।”

তিনি ওই ব্যক্তির নাম বলেননি।

স্থানীয়রা জানান, তারা প্রায় অর্ধশত বছর ধরে ওই রাস্তা দিয়ে চলাচল করছেন। বৃহস্পতিবার আলহাজ মণ্ডল দলবল নিয়ে বাঁশের বেড়া দিয়ে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। স্থানীয়রা বাধা দিতে গেলে ভয়ভীতি দেখান তারা।

বিকল্প রাস্তা না থাকায় এলাকাবাসী বেকায়দায় পড়েছে বলে তারা জানান।

এ বিষয়ে আলহাজ মণ্ডল বলেন, “স্থানীয়ভাবে বসে ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা থানায় অভিযোগ দিয়েছি।”

ইউপি সদস্য কালাম মণ্ডল এর দায় নেননি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমার সাথে দেখা করেন। ফোনে কোনো কথা হবে না। ওই দিক দিয়ে ট্রাক চলাচল করত। রাস্তা আছে কিনা আমি জানি না। আমার ভাতিজা কী করল সেটা আমার দেখার নেই। বিষয়টি ভাতিজার ব্যাপার।”

প্রশাসন এ বিষয়ে পদক্ষেপ নেবে বলে জানিয়েছে।

সুজানগর সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম বলেন, “আমি খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি। আইন-শৃংখলা পরিস্থিতি যেন স্বাভাবিক থাকে সেটা নিয়ে কাজ করছি।”

খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বেড়ার ইউএনও সবুর আলী।