কক্সবাজারে সমুদ্রে নেমে নিখোঁজ ছাত্রের লাশ উদ্ধার
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে ভেসে যাওয়া কলেজ ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার সকাল পৌনে ১১টায় সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে লাশটি উদ্ধার করা হয় বলে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ জানান।
নিহত সাহেদ হোসেন বাপ্পী (২০) রামু উপজেলার ফতেখাঁরকূল ইউনিয়নের তেচ্ছিপুল এলাকার শামশুল আলমের ছেলে এবং তিনি রামু সরকারি ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
বাপ্পীর বন্ধুদের বরাতে মহিউদ্দিন আহমেদ বলেন, সকালে ছয় বন্ধু মিলে সৈকতে বেড়াতে আসে। ফুটবল খেলার পর বন্ধুরা সাগরে গোসলে নামে। কিছুক্ষণ পর সাঁতার না জানা তিন বন্ধু সৈকতে উঠে আসে। অপর তিন বন্ধু টিউব নিয়ে গোসলে ছিল।
“এক পর্যায়ে টিউব উল্টে বাপ্পী ও কক্সবাজার সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র মোহাম্মদ মুসা (২১) সাগরে ভেসে যেতে থাকে। বিষয়টি মোহাম্মদ রিফাত নামের এক বন্ধু সৈকতে দায়িত্বরত লাইফ গার্ড কর্মীদের অবহিত করে।”
সৈকতে পর্যটকদের নিরাপত্তায় দায়িত্বরত সি সেইফ লাইফ গার্ডের ইনচার্জ ওসমান গনি বলেন, “লাইফ গার্ড কর্মীরা জেটস্কি ও রেসকিউ বোট নিয়ে একজনকে উদ্ধার করতে সক্ষম হয়। ৪০ মিনিট পর অপরজনকে ভাসমান অবস্থায় পাওয়া যায়।”
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. আশিকুর রহমান বলেন, সকালে দুইজনকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে একজনের হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে।
বাপ্পীর লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দিন আহমেদে।
