কুমিল্লায় ট্রেনে কাটায় তিন শিক্ষার্থী নিহত: তদন্তে কমিটি
কুমিল্লা সদর দক্ষিণে ট্রেনে কাটা পড়ে তিন স্কুলছাত্রী নিহতের একদিন পর পূর্বাঞ্চলীয় রেলওয়ে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।
বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক মুহম্মদ আবুল কালাম চৌধুরী এ কমিটি গঠন করেন।
রাতে মুহম্মদ আবুল কালাম চৌধুরী বলেন, ঘটনার তদন্ত করে কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে ঘটনার দিন বুধবার রাতে কুমিল্লা জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমা আশরাফীকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
এই কমিটির অন্য সদস্যরা হলেন কুমিল্লা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহান সরকার ও জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল মান্নান।
বাড়ি থেকে স্কুল যাওয়ার পথে বুধবার দুপুর ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথে উপজেলার বিজয়পুর লেভেল ক্রসিংয়ের দুই'শ গজ উত্তরে ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নিহত হয় তিন শিশু ছাত্রী। নিহত ওই তিন ছাত্রী বান্ধবী ছিল। তারা বিজয়পুর সরকারি প্রামথিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
নিহতরা হলো উপজেলার বারপাড়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামের ব্যাপারীবাড়ির রিপন মিয়ার মেয়ে রিমা আক্তার লিমা, ওই বাড়ির রতন মিয়ার নাতনি ও পাশের বরুড়া উপজেলার অর্জুনতলা গ্রামের ভুলু মিয়ার মেয়ে তাসপিয়া আক্তার এবং একই বাড়ির মৃত মানিক মিয়ার নাতনি ও চাঁদপুরের হাজীগঞ্জের বাসিন্দা মামুন মিয়ার মেয়ে মিম আক্তার।
স্বজনরা জানান, বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরের স্কুলে হেঁটেই যাওয়া-আসা করত তারা।
