সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ৬
সেনাবাহিনী এবং সরকারি বিভিন্ন সংস্থায় চাকরি দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ছয়জনকে আটক করেছে র্যাব।
বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে র্যাব-১১ কুমিল্লার কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, মঙ্গলবার দুপুর থেকে রাত পর্যন্ত জেলার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকা এবং ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ফাইল ছবি
বুধবার দুপুরে এ ছয়জনের বিরুদ্ধে চট্টগ্রাম থানায় প্রতারণার মামলা দায়ের করা হয়। বিকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানান মেজর সাকিব।
শাহজাহান ও রফিক নামে দুই ব্যক্তির অভিযোগের ভিত্তিতে এ ছয়জনতে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে সাকিব বলেন, “শাহজাহান ও রফিক চাকরির প্রয়োজনের হোসেন মিয়ার সঙ্গে যোগাযোগ করেন। তখন হোসেন তাদের সঙ্গে রিপন মিয়ার পরিচয় করিয়ে দেন। ওই সময় রিপন তাদের চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দেন। এরপর গত বছরের জুলাই মাসে রিপন তার এক বড় স্যারের সঙ্গে দেখা করানোর কথা বলে শাহজাহান ও রফিককে ঢাকায় নিয়ে যান।
তখন প্রতারক চক্রের হোতা কথিত বড় স্যার গোলাম কবির ওরফে মেজর শামীম একজনকে ম্যাস ওয়েটার এবং অন্যজনকে এমইএস পদে চাকরি দেওয়ার আশ্বাস দেন। এ সময় শাহজাহান ও রফিকের কাছ থেকে ২০ লাখ টাকা নেওয়া হয়।”
তিনি বলেন, “পরে গোলাম কবির প্রথমে শাহজাহানকে ডাক্তারি পরীক্ষা করান। ওই বছরের সেপ্টেম্বর মাসে শাহজাহানকে আনুষ্ঠানিকভাবে বায়োডাটা ও প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে ভুয়া পুলিশ ভেরিফিকেশন করেন। এরপর ডিসেম্বরে নিয়োগপত্র ও প্রাথমিকভাবে যোগদান এবং পরে এসএমএসের মাধ্যমে এ বছরের ২৭ ফেব্রুয়ারি চাকরিতে যোগদানের জন্য এসএমএস করেন।”
যোগদানের একদিন আগে চক্রটি তাদের মোবাইলফোন বন্ধ করে আত্মগোপনে চলে যায় বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
মেজর সাকিব বলেন, জাকির হোসেন নামের আরেকজন র্যাবকে জানায় যে, ওই প্রতারক তাকে বীমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সহকারী পরিচালক পদে চাকরি দেবে বলে ১৫ লাখ টাকা দাবি করে। পরে জাকির তাদের কথামতো অক্টোবর ও নভেম্বর মাসে পাঁচ লাখ টাকা দেন। এছাড়াও তাদের দেওয়া বিকাশ নম্বরে আরও দুই লাখ ৭০ হাজার টাকাসহ মোট সাত লাখ ৭০ হাজার টাকা দেন।
র্যাবের এ কর্মকর্তা জানান, গোলাম কবির ১৯৮২ সালে সেনাবাহিনীতে সিভিল বাবুর্চি হিসেবে চাকরিতে যোগ দেন। এরপর ১৯৯৩ সালে চাকরি ছেড়ে দেন তিনি। দীর্ঘদিন সেনানিবাসে চাকরি করার সুবাদে নিজেকে সেনাবাহিনীর একজন মেজর হিসেবে পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিলেন। ২০১১ সালে এই প্রতারণার জন্য তার নামে একটি মামলা হলে তিনি জেলহাজতে যান। পরে বেরিয়ে এসে আবার প্রতারণা শুরু করেন।
এ চক্রটির বিরুদ্ধে অর্ধ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে বলে র্যাবের এ কর্মকর্তা জানান।
তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত একটি র্যাবের ইউনিফর্ম, একটি শার্ট, এক জোড়া বুট, একটি পিস্তলের কাভার, প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল ফোনের সিম, দুটি কম্পিউটার এবং সেনাবাহিনীর লোগো সংবলিত ডিও পেপার উদ্ধার করা হয়।
