২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে তেল মজুদে ২ ব্যবসায়ীর জরিমানা

বাগেরহাটে ভোজ্যতেল মজুদের অভিযোগে দুই ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2022, 12:18 AM

Updated : 02 Aug 2022, 03:05 PM

বুধবার দুপুরে শহরের প্রধান বাজারে এই অভিযান চালানো হয় বলে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোজাহেরুল হক জানান।

প্রধান বাজারের মেইন রোড়ের মেসার্স পল্টু সাধু স্টোরের মালিক শ্রীদাম সাধুর এক লাখ টাকা এবং জয় মা স্টোরের মালিক শংকর কুমার পালের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোজাহেরুল হক সাংবাদিকদের বলেন, প্রধান বাজারের কিছু অসৎ ব্যবসায়ী ভোজ্যতেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করছে এই অভিযোগের ভিত্তিতে বাজার পরিদর্শনে যান।

“বাজারের দুই ব্যবসায়ী শ্রীদাম সাধু ও শংকর পালের গুদামে গিয়ে তল্লাশি করে চার হাজার লিটার বোতলজাত ভোজ্যতেল পাই। তারা অধিক লাভের আশায় বিপুল পরিমাণ তেল মজুদ করে বাজারে সংকট সৃষ্টি করে রেখেছেন।”

ম্যাজিস্ট্রেট বলেন, তারা মূল্য তালিকা না টাঙিয়ে বেশি দামে ক্রেতাদের কাছে বিক্রি করে মুনাফা করছিলেন বলে ভ্রাম্যমাণ আদালতের কাছে স্বীকার করেছেন। তাই তাদের এই জরিমানা করা হয়েছে।

ভবিষ্যতে যদি বাজারের ব্যবসায়ীরা ক্রেতা সাধারণকে ঠকানোর চেষ্টা করেন তাহলে কঠোর শাস্তি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, বলেন তিনি।