বিএনপির ব্যবসায়ীরা পণ্য মজুদ করেন: তথ্যমন্ত্রী
বিএনপির সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা চক্রান্ত করে অনেক সময় পণ্য মজুদ করে মূল্য বাড়ানোর অপচেষ্টা চালান বলে অভিযোগ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ।
বুধবার দুপুরে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে বিএনপির সমালোচনার পর্রিপ্রেক্ষিতে তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবরা যে অভিযোগগুলো উপস্থাপন করছেন জনগণকে বিভ্রান্ত করার জন্য, তা সঠিক নয়। এই করোনার কারণে এবং রাশিয়া-ইউক্রেইনের যুদ্ধের কারণে সমগ্র পৃথিবীতে অনেকগুলো পণ্যের দাম বেড়েছে। সে হিসাবে বাংলাদেশেও কয়েকটি পণ্যের দাম বেড়েছে; যেটি করোনা এবং যুদ্ধের কারণে।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের জন্য কাজ করেছে এবং একই সঙ্গে স্বল্প আয়ের মানুষ যাতে কম মূল্যে পণ্য কিনতে পারে সেজন্য টিসিবির আওতা বাড়ানো হয়েছে। কোটি মানুষকে টিসিবির মাধ্যমে স্বল্পমূল্যে পণ্য দেওয়ার ব্যবস্থা গ্রহণ করেছে সরকার।
বাংলাদেশে কিছু অসাধু ব্যবসায়ী আছে এটা সঠিক এবং সেই অসাধু ব্যবসায়ীরা অনেক সময় এই পরিস্থিতির সুযোগ নেয় উল্লেখ করে তাদের বিরুদ্ধেও সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে, বলেন তথ্যমন্ত্রী।
“মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবদের সাথে যেসব ব্যবসায়ী সংশ্লিষ্ট – বড় বড় ব্যবসায়ীদের বেশিরভাগ কিন্তু মির্জা ফখরুল ও বিএনপির সাথে সংশ্লিষ্ট। মির্জা ফখরুল ইসলামদের যে চক্রান্ত সেই চক্রান্তের সাথে মিলিয়ে তারা অনেক সময় পণ্য মজুদ করে এবং মূল্য বাড়ানোর অপচেষ্টা চালায়। যেসব অসাধু ব্যবসায়ী এসব কাজের সাথে যুক্ত থাকবে তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা গ্রহণ করবে।”
বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এবং আগামী নির্বাচনে বিএনপি পরাজয় নিশ্চিত জেনে নির্বাচনে অংশগ্রহণ করতে চায় না এবং নির্বাচন করতে বিএনপি ভয় পায় বলে মনে করেন হাছান মাহমুদ।
কয়েকটি কারণে বিএনপি তারা নির্বাচনকে ভয় পায় বলে তিনি মনে করেন।
বিএনপি তাদের সন্ত্রাস আশ্রয়ী রাজনীতি, জ্বালাও-পোড়াও রাজনীতি, মানুষ পুড়িয়ে হত্যা করার রাজনীতির কারণে জনগণের কাছ থেকে বিএনপি বিচ্ছিন্ন হয়ে গেছে, বলেন মন্ত্রী।
তিনি বলেন, খালেদা জিয়া আর তারেক রহমান দুজনই দন্ডপ্রাপ্ত আসামি; তাই তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। যেহেতু বিএনপির নেতা খালেদা জিয়া ও তারেক রহমান দুজনই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এজন্য বিএনপির নির্বাচন নিয়ে কোনো আগ্রহ নেই। সেজন্য বিএনপি তাদের দলকেও নির্বাচনমুখী করতে চায় না।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পাশাপাশি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ব্যক্তিগত আক্রমণ করে কথা বলেছেন বলে অভিযোগ করেন তথ্যমন্ত্রী।
এর পরিপ্রেক্ষিতে তিনি বলেন, “আমি কিন্তু গ্রামের এমপি, আমি গত ২০-২২ বছর ধরে প্রতি সপ্তাহে আমার নির্বাচনী এলাকায় যাই। আর রিজভী সাহেব তো নয়া পল্টনে তাদের কার্যালয়ে বসে থাকেন, ওখান থেকে আর কোথাও যান না। ওখানেই খান এবং ঘুমান। সে কারণে রিজভী সাহেব দেশের অবস্থা জানেন না। আমরা যে সারাদেশ বিচরণ করি সেটাও তারা জানেন না।”
বাংলাদেশের সমস্ত মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে দাবি করে হাছান মাহমুদ বলেন, গত ১৩ বছরে পুরো বাংলাদেশ বদলে গেছে এবং প্রতিটি মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। ১৩ বছর আগের তুলনায় দেশের প্রতিটি মানুষ ভালো আছে। কিন্তু এই উন্নয়ন অগ্রগতি যাদের পছন্দ হয় না সেই বিএনপি এবং তাদের দোসরেরা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত দেশে ও বিদেশে। দেশের মানুষের মধ্যে নানা ধরনের বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে বিএনপি ও তাদের দোসরেরা।
পৌনে দুই বছর পর দেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে তিনি বলেন, সেই নির্বাচনেও ইনশাআল্লাহ আওয়ামী লীগ জয়লাভ করবে। কারণ ১৩ বছরে দেশের উন্নয়ন ও প্রতিটির মানুষের ভাগ্যের পরিবর্তনের কারণে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের সাথে আছে। সেই কারণে বিএনপিসহ তাদের দোসরেরা শঙ্কিত তাদের রাজনৈতিক ভবিষ্যত নিয়ে। এছাড়াও আগামী নির্বাচনে বিএনপি তাদের পরাজয়ের শঙ্কায় এখন নানা ধরনের বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চালাচ্ছে।
ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ সাদেক কুরাইশীর সভাপতিত্বে বর্ধিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন, ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য দবিরুল ইসলাম, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়া, সফুরা বেগম রুমি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়সহ দলের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
