উল্লাপাড়ায় নদীতে ডুবে তরুণের মৃত্যু, ভাই নিখোঁজ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আত্মীয় বাড়ি বেড়াতে এসে নদীতে নেমে এক তরুণ প্রাণ হারিয়েছেন; নিখোঁজ রয়েছেন তার ছোট ভাই।
মঙ্গলবার বিকালে উপজেলার বেতবাড়ি পূর্ব সাতবাড়িয়া খেয়াঘাট এলাকায় ফুলজোড় নদীতে এ ঘটনা ঘটে।
নিহত রাজু আহমেদ (১৮) ও নিখোঁজ মাজিদুল ইসলাম (১২) পাবনার ঈশ্বরদী উপজেলার মাঝগ্রামের বাবু মিয়ার ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে উল্লাপাড়া ফায়ার সার্ভিসের সাব স্টেশন অফিসার জালাল উদ্দিন জানান, সোমবার রাতে পূর্ব সাতবাড়িয়া গ্রামে বড় ভাইয়ের শ্বশুরবাড়িতে ওই দুই ভাই বেড়াতে এসেছিলেন। মঙ্গলবার দুপুরে তারা বিয়াই মনিরুল ইসলামের সঙ্গে পাশের ফুলজোড় নদীতে গোসল করতে যান।
“সাঁতার না জানায় দুই ভাই নদীর পানিতে ডুবে যান। স্থানীয়রা নদী থেকে রাজু আহমেদের মরদেহ উদ্ধার করলেও ছোট ভাই মাজিদুল নিখোঁজ রয়েছেন।”
তাকে উদ্ধারে রাজশাহীর ডুবুরি দলকে সংবাদ দেওয়া হয়েছে বলে জালাল জানান।
