২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে ‘বিরোধের জেরে’ তরুণের হাত কেটে বিচ্ছিন্ন

রাজবাড়ীতে বিরোধের জেরে এক তরুণের হাত কেটে বিছিন্ন করে ফেলার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2022, 01:31 PM

Updated : 28 Apr 2022, 11:48 PM

গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া রেলস্টেশন এলাকায় রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান।

মো. রিয়াজ শেখ (১৯) নামের ওই তরুণকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে দৌলতদিয়া ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আ. জলিল ফকির জানান।

রিয়াজ দৌলতদিয়া ইউনিয়নের সোরাপ মণ্ডলের পাড়ার বাবু শেখের ছেলে।

জলিল জানান, প্রেমঘটিত কারণে দুদিন আগে সামসু মাস্টার পাড়ার হাসেম ওরফে হাসির ছেলে হুমায়ূনকে (২২) থাপ্পর মারেন রিয়াজ। সে বিষয় নিয়ে রোববার মিমাংসার জন্য বসার কথা ছিল। রিয়াজ সন্ধ্যায় দৌলতদিয়া রেলস্টেশন এলাকায় যায়। সেখানে আগে থেকেই ওৎ পেতে ছিল হুমায়ূন। এ সময় ধারালো অস্ত্র দিয়ে রিয়াজকে কোপ দিতে গেলে রিয়াজ ঠেকাতে যায়। এ সময় রিয়াজের কব্জি ওপর থেকে কেটে পড়ে যায়। এ রিয়াজের চিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলে হুমায়ন পালিয়ে যায়।”

পরে স্থানীয়রা রিয়াজকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর হাসপাতালে পাঠায় বলে জানান এ ওয়ার্ড সদস্য।

ওসি বলেন, নারী ঘটিত কারণে এ ঘটনা ঘটেছে। হুমায়ূনকে গ্রেপ্তারের চেষ্টা করছেন তারা।