২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে পোশাক শ্রমিককে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

গাজীপুর নগরে এক নারী পোশাক কর্মীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে; ঘটনার পর থেকে যিনি পলাতক রয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2022, 12:36 AM

Updated : 28 Apr 2022, 11:48 PM

নগরীর ইটাহাটা থেকে রোববার রাতে লাশটি উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত এই পোশাক শ্রমিকের (২৫) বাড়ি পাবনা সদরের বারইপাড়া গ্রামে। তিনি স্থানীয় ইটাহাটায় একটি বাড়িতে ভাড়া থেকে ভোগড়া এলাকায় কারখানায় কাজ করতেন।

স্বামী রফিকুল ইসলামের গ্রামের বাড়ি নেত্রকোনায়। তিনি মাওনা চৌরাস্তায় একটি পোশাক কারখানায় চাকরি করেন।

নিহতের এক প্রতিবেশী বলেন, প্রায় এক মাস পর রোববার দুপুরে স্বামী রফিকুল ইসলাম স্ত্রীর বাসায় যান। এক পর্যায়ে স্বামী রফিকুল ইসলাম ঘর থেকে চলে যান। সন্ধ্যা ৭টার কারখানা কর্তৃপক্ষের এক ফোন পেয়ে বাড়ির মালিক মেয়েটির খোঁজ নিতে তার কক্ষের সামনে গেলে বাইরে থেকে ঘরের দরজার ছিটকিনি আটকানো দেখতে পান।

পরে ছিটকিনি খুলে দরজা ধাক্কা দিলে ঘরের মেঝেতে ওই নারীর নিথর দেহ পড়ে থাকতে দেখেন তারা, বলেন ওই প্রতিবেশী।

গাজীপুর মহানগর পুলিশের উপ-কশিশনার মো. জাকির হাসান সাংবাদিকদের জানান, খবর পেয়ে বাসন থানা পুলিশ রাত ৯টার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

“প্রাথমিক আলামত দেখে মনে হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তার স্বামীরও কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। ঘটনাটি হত্যা, না-কি আত্মহত্যা তা তদন্ত করে দেখা হচ্ছে।”