বঙ্গবন্ধুর সমাধিতে সিইসির শ্রদ্ধা নিবেদন
নতুন দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনাররা টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।
পাঁচ নির্বাচন কমিশনার রোববার সড়ক পথে টুঙ্গিপাড়া পৌঁছালে জেলা প্রশাসক শাহিদা সুলতানা ও টুঙ্গিপাড়ার মেয়র তোজাম্মেল হোসেন টুটুলসহ রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের স্বাগত জানান।
পরে দুপুর ১২টার দিকে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে অন্যান্য নির্বাচন কমিশনাররা সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এর আগে তিনি গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে বলেন, ”আপাতত রাজনৈতিক দল নিয়ে আমি কোনো কথা বলব না। শুধু বলতে চাই আজ আমরা এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছি যে মাটিতে ঘুমিয়ে আছেন স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।”
নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা, আহসান হাবীব খান, মো. আলমগীর, আনিছুর রহমান ছাড়াও গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইলিয়াছুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রহমান, টুঙ্গিপাড়ার উপজেলা নির্বাহী অফিসার হেদায়েতুর ইসলাম, টুঙ্গিপাড়ার মেয়র তোজাম্মেল হোসেন টুটুল, জেলা নির্বাচন অফিসার ফয়জুল মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।
