২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে আটশ গ্রাম ক্রিস্টাল মেথ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে আটশ গ্রাম ক্রিস্টাল মেথ উদ্ধার করেছে কোস্ট গার্ড। তবে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2022, 05:46 PM

Updated : 02 Aug 2022, 03:03 PM

কোস্ট গার্ডের টেকনাফ স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার সৈয়দ তৈমুর পাশা জানান, রোববার ভোররাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে টেকনাফ সদর ইউনিয়নের মিঠা পানিরছড়ায় এ অভিযান চালানো হয়। 

তৈমুর বলেন, ভোররাতে মিঠা পানিরছড়া এলাকায় মাদকের চালান লেনদেনের জন্য কিছু লোক অবস্থান করছে খবরে কোস্ট গার্ডের একটি দল অভিযান চালায়। এক পর্যায়ে সাগর পাড় থেকে মেরিন ড্রাইভ সড়কের দিকে শপিং ব্যাগ হাতে সন্দেহজনক এক ব্যক্তিকে আসতে দেখে বিজিবির সদস্যরা থামার জন্য নির্দেশ দেন।

“এ সময় লোকটি সঙ্গে থাকা শপিং ব্যাগটি জঙ্গলে ফেলে পালিয়ে যায়। পরে কোস্ট গার্ড সদস্যরা লোকটিকে ধাওয়া দিয়েও আটক করতে পারেননি। ফেলে যাওয়া শপিং ব্যাগ খুলে ৮০০ গ্রাম ক্রিস্টাল মেথ [আইস] পাওয়া যায়। এসব মাদকের আনুমানিক মূল্য চার কোটি টাকা।”

মাদক উদ্ধারের ঘটনায় টেকনাফ থানায় সংশ্লিষ্ট আইনে মামলা নথিভুক্ত করা হয়েছে বলে জানান কোস্ট গার্ডের এ কর্মকর্তা।