রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যাকাণ্ডে ‘আরসা কমান্ডার’ আটক
কক্সবাজারে রোহিঙ্গা নেতা মোহাম্মদ মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের ঘটনায় আরও একজনকে আটক করা হয়েছে, যিনি মিয়ানমারের নিষিদ্ধ সংগঠন ‘আরসা বাহিনীর’ ওলামা শাখার প্রধান কমান্ডার বলে জানিয়েছে এপিবিএন।
১৪ এপিবিএন এর পুলিশ সুপার মো. নইমুল হক জানান, শনিবার গভীররাতে উপজেলার লম্বাশিয়া ১-ইস্ট নম্বর রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প ডি-৮ ব্লক থেকে মোহাম্মদ জকোরিয়া ওরফে মৌলভী জকোরিয়াকে আটক করেন তারা।
আটক মোহাম্মদ জকোরিয়া (৫৫) ওই ক্যাম্পের আব্দুল করিমের ছেলে।
নইমুল হক জানান, জকোরিয়া মিয়ানমারের নিষিদ্ধ ঘোষিত সশস্ত্র সংগঠন কথিত আরসা বাহিনীর ওলামা শাখার প্রধান কমান্ডার । গত বছর ৩০ সেপ্টেম্বর রাতে রোহিঙ্গা নেতা মোহাম্মদ মুহিবুল্লাহ হত্যার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময়ে ‘হুমকির ফতোয়া’ দিয়ে আসছিলেন তিনি।
জকোরিয়া ২০১৫ সালে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছিল। পরে সে আর দেশটিতে ফিরে গিয়েছিল। এরপর গত ২০১৭ সালে মিয়ানমারে সংঘটিত জাতিগত সহিংসতার জেরে আবারও অন্যান্য রোহিঙ্গাদের সঙ্গে পালিয়ে এসে উখিয়ার লম্বাশিয়া শরণার্থী ক্যাম্পে আশ্রয় নেয়।
তিনি বলেন, “জকোরিয়া ২০১৯ সালে সশস্ত্র সংগঠন কথিত আরসা বাহিনীর ফতোয়া বিভাগের দায়িত্ব পান। পরে ২০২০ সাল থেকে কুতুপালং এলাকায় সংগঠনটির ওলামা শাখার প্রধান কমান্ডার হিসেবে দায়িত্ব নেয়।রোহিঙ্গাদের অধিকার আদায়ের সংগঠন ‘আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস্’ এর চেয়ারম্যান মোহাম্মদ মুহিবুল্লাহ ওরফে মাস্টার মুহিবুল্লাহ’র সঙ্গে জকোরিয়ার বিরোধ চলে আসছিল।
“এ নিয়ে মুহিবুল্লাহ হত্যার জন্য সে বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফতোয়া দিয়ে হুমকি দিয়েছিল। গত বছর ৩০ সেপ্টেম্বর মুহিবুল্লাহ নিহতের পর থেকে জকোরিয়া আত্মগোপন করে।”
গোপন খবরে অভিযান চালিয়ে জকেরিয়াকে আটকের পর তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এপিবিএন এর পুলিশ সুপার।
