কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহতের খবর
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতের অংশে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
নিহত লিটন বিশ্বাস (৩২) উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন বিলগাথুয়া গ্রামের আকবর আলী বিশ্বাসের ছেলে।
প্রাগপুর ইউপি চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল সরকার বলেন, “লিটনের নেতৃত্বে একদল মাদক চোরাকারবারী ভারত থেকে মাদক পাচার করছিল। শনিবার রাত সাড়ে ৮টার দিকে তারা ভারতের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার মেঘনা সীমান্তে প্রবেশ করে।
“এ সময় মেঘনা ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে বুকে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই লিটনের মৃত্যু হয়। এ সময় লিটনের সঙ্গে থাকা বাকিরা বাংলাদেশ সীমানায় পালিয়ে আসে। পরে বিএসএফ লিটনের লাশ উদ্ধার করে হোগলবাড়িয়া থানায় নিয়ে যায়।”
লাশ ফেরতের বিষয়ে বিজিবির কাছে বিএসএফ কোন পত্র দেয়নি বলেও জানান আশরাফুল।
এ বিষয়ে প্রাগপুর বিজিবি কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) নায়েক সুবেদার আমজাদ হোসেন বলেন, স্থানীয়দের কাছে ঘটনাটি শুনছেন। তবে এখনও ঘটনার কোনো সত্যতা পাননি তারা। তাছাড়া লিটন নামে যে ছেলেটি মারা গেছে বলা হচ্ছে, তার পরিবার থেকেও কেউ কোন অভিযোগ করেনি।
দৌলতপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি) জাবীদ আল হাসান বলেন, “লোকমুখে শুনছি, সীমান্তে বিএসএফের গুলিতে লিটন নামে একজন নিহত হয়েছে। তবে নিহতের লাশ ফেরত চেয়ে তার পরিবারের কেউ বিজিবি বা পুলিশের কাছে কোন আবেদন করেনি।”
