গাজীপুরে ১২ ঝুটের গুদামে অগ্নিকাণ্ড
গাজীপুরের কোনাবাড়ি আমবাগ এলাকায় ১২টি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার সন্ধ্যায় আগুন লাগার পর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করে বলে জানান গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল হামিদ।
তিনি বলেন. সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে জয়দেবপুর স্টেশন থেকে দুটি ও কাশিমপুর মিনি ফায়ার সার্ভিস স্টেশন থেকে আরও একটি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। তারা প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এলাকাবাসীর বরাত দিয়ে তিনি জানান, ইউনুস আলী নামে এক ব্যক্তির ঝুটের গুদামে আগুন লেগে তা পাশের আরও ১১টি গুদামে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। রাত ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুনে গুদাম ও গুদামের মালামাল পুড়ে গেছে বলে তিনি জানান।
