সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধাকে ‘হাতুড়ি পেটা’, থানায় মামলা
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় এক মুক্তিযোদ্ধার ওপর হামলা চালিয়ে লোহার হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করার মামলা হয়েছে।
পূর্বশক্রতার জেরে আবুবক্কার মিয়া (৭০) নামে এই মুক্তিযোদ্ধাকে হাতুড়িপেটা করা হয় বলে বেলকুচি থানার পরিদর্শক (তদন্ত) আসলাম হোসেন মামলার নথির বরাতে জানান।
আবুবক্কার মিয়া উপজেলার চরচালা আদালতপাড়ার বুজরক আলী সরকারের ছেলে।
হাতুড়িপেটার ঘটনায় তিনি শুক্রবার রাতে পাঁচজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।
মামলার এজাহারে বলা হয়েছে, উপজেলার গাড়ামাসি পূর্বপাড়ার বাসিন্দা আজাহার সরকার রাজার পরিবারের সঙ্গে এই মুক্তিযোদ্ধা পরিবারের পূর্বশক্রতা রয়েছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে আবুবক্কার মিয়া চালাবাজার থেকে বাড়ি ফেরার পথে আজাহার ও তার চার ছেলে অর্তকিতে হামলা চালান। তারা লোহার হাতুড়ি, কাঠের বাটাম ও বাঁশের লাঠি দিয়ে তাকে মারধর করেন। একপর্যায়ে তার বাম হাতের কব্জিতে ছুরিকাঘাতও করেন হামলাকারীরা।
চিৎকার শুনে স্থানীয়রা গিয়ে তাকে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তিনি বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন।
পরিদর্শক আসলাম হোসেন বলেন, মুক্তিযোদ্ধাকে মারধরের ঘটনায় শনিবার বিকেলে থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
