২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে কলেজছাত্রী ধর্ষণ-হত্যায় অটোরিকশার চালক গ্রেপ্তার

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সরকারি মুজিব কলেজের ছাত্রী ও শিক্ষানবিশ নার্সকে (২২) ধর্ষণ ও হত্যা মামলায় এক অটোরিকশার চালককে গ্রেপ্তার করা হয়েছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2022, 04:14 PM

Updated : 25 Oct 2022, 10:17 AM

শুক্রবার ভোরে সুবর্ণচর উপজেলার চর রশিদ এলাকা থেকে আসামিকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) দীপক জ্যোতি খীসা।

গ্রেপ্তার মো. রুবেল হোসেন (২৮) বসুরহাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

২৭ ফেব্রুয়ারি কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন কলেজছাত্রী। পরদিন বসুরহাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ইয়াছিন মোল্লার বাড়ির পেছনের একটি ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ছাত্রীর বাবা কবিরহাট উপজেলার বাসিন্দা মামলা করেন।

দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খীসা বলেন, রুবেলকে তার শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে কলেজছাত্রীর মোবাইল ফোন ও সিমকার্ড উদ্ধার করে পুলিশ।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে পুলিশ কর্মকর্তা বলেন, কলেজছাত্রীকে অনেকদিন ধরেই নজরে রেখেছিল রুবেল। ২৭ ফেব্রুয়ারি রাতে একটি বেসরকারি হাসপাতালে কাজ শেষে মামার বাসায় ফেরার পথে কলেজছাত্রী রুবেলের অটোরিকশায় চড়েন।

“রুবেল অটোরিকশাটি ভিন্ন পথে নিয়ে যাওয়ার চেষ্টা করলে কলেজছাত্রী নেমে যান এবং হেঁটেই বাসার দিকে রওনা দেন। তখন রুবেল পিছন দিক থেকে গিয়ে কলেজছাত্রীর মুখ চেপে ধরে ধানক্ষেতে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ ও হত্যা করে লাশ ফেলে রাখে।”

পুলিশ কর্মকর্তা আরও বলেন, রুবেলকে আদালতে পাঠিয়ে জবানবন্দি নেওয়ার আবেদন করা হয়েছে।