২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আদালতের নিষেধাজ্ঞার মধ্যে‘ আশ্রয়ণের ঘর নির্মাণের অভিযোগ

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় ‘আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে’ এক কৃষকের জমিতে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ অব্যাহত রাখার অভিযোগ উঠেছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2022, 09:13 PM

Updated : 28 Apr 2022, 11:46 PM

এ অভিযোগে ওই কৃষক পরিবার বৃহস্পতিবার বিকালে কুমিল্লা নগরীতে সংবাদ সম্মেলন করেছেন।

তবে আদালতের নিষেধাজ্ঞার কথা উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) জানা নেই বলে জানান।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, আদালতের দেওয়া নিষেধাজ্ঞা ও মামলা চলমান থাকার মধ্যেই ওই কৃষককে সম্পত্তি থেকে উচ্ছেদে অভিযান চালিয়ে প্রশাসন তার বাড়িঘর ভাঙচুর করেছে। তার বাড়িতে থাকা বেশকিছু গাছপালা কেটে নেওয়া হয়েছে।

সুলতান মিয়া নামের ওই কৃষক কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের রাজারখোলা গ্রামের মৃত আপ্তব উদ্দিনের ছেলে।

সংবাদ সম্মেলনে তার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ওই এলাকার বাসিন্দা মজিবুর রহমান বাবুল। এ সময় একই এলাকার বাসিন্দা হাতেম আলীসহ কৃষকের পরিবারের বেশ কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে ওই কৃষকের পক্ষে আইনজীবী মো. রেজাউল কবির ও মজিবুর রহমান বাবুল জানান, উপজেলার রাজারখোলা এলাকায় লালমাই মৌজায় কৃষক সুলতান মিয়া ১৯৮০ সালের দিকে কয়েকটি দলিলে এক একর ৫৮ শতক সম্পত্তি ক্রয় করেন। এরপর থেকে বর্তমান সময় পর্যন্ত সেখানে বাড়ি-ঘর নির্মাণ করে বসবাস করছেন তিনি। ওই সম্পত্তির পাশেই পাহাড়ে রয়েছে সরকারি খাস জমি।

রেজাউল কবির বলেন, ১৯৯৩ সালে বিএস জপির হওয়ার সময় কৃষক সুলতান মিয়ার ওই জমি বাড়ি ভূমি হিসেবে লিপিবদ্ধ হয়। তবে তখন ভুলক্রমে এটি সরকারের পক্ষে রেকর্ড হয়।

“আমরা এই খতিয়ান বাতিলের জন্য আদালতে মামলা করেছি। গত বছর বিভিন্নভাবে এই সম্পত্তি দখলের চেষ্টা শুরু হলে আমরা একই বছরের ৮ জুন আদালতের নিষেধাজ্ঞা চেয়ে মামলা করি। আদালত সম্পত্তিতে অন্য কারও প্রবেশ বা দখলের উপর নিষেধাজ্ঞা জারি করে।“

মজিবুর রহমান বাবুল বলেন, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সম্প্রতি ওই সম্পত্তিতে উচ্ছেদ অভিযান চালিয়ে বাড়ি-ঘর ভাঙচুর করে প্রশাসন। এছাড়া বাড়ির গাছপালাও কেটে নেওয়া হয়।

“উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান এসব কাজ করেছেন। বর্তমানে কৃষকের সম্পত্তিতে আশ্রয়ণ প্রকল্পের কাজ করা হচ্ছে।“     

অ্যাডভোকেট মো. রেজাউল কবির বলেন, “আদালতের দেওয়া নিষেধাজ্ঞা ও মামলা চলমান থাকা অবস্থায় সেখানে আশ্রয়ণ প্রকল্প করার কোনো সুযোগ নেই। আমি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং স্থানীয় ইউপি চেয়ারম্যানকে লিগ্যাল নোটিশও দিয়েছি। কিন্তু তারা কিছুতেই কর্মকাণ্ড থামাননি। তারা আদালতের নির্দেশনা মানছেন না।“     

কৃষক সুলতান মিয়া বলেন, “আমি কৃষক মানুষ, পড়াশোনা জানি না। ১৯৮০ সাল থেকে এই সম্পত্তিতে আমার বসবাস। আমার সব শেষ হয়ে গেছে। পরিবার নিয়ে এখন রাস্তায় নেমে এসেছি। আমি প্রশাসনের কাছে ন্যায় বিচার চাই। এটা আমার কষ্টে কেনা সম্পত্তি। আশপাশে অনেক সরকারি খাস জায়গা আছে, আমার সম্পত্তিতে কেন আশ্রয়ণ প্রকল্প করতে হবে? আদালতে মামলা নিষ্পত্তি হলে আমার বিশ্বাস রায় আমার পক্ষেই আসবে। কারণ আমার সকল কাগজপত্র আছে।“

বৃহস্পতিবার এ বিষয়ে সদর দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুর রহমান বলেন, “ওই সম্পত্তি সুলতান মিয়ার দখলে থাকলেও এর সকল কাগজপত্র সরকারের পক্ষে। সেখানে আদালতের নিষেধাজ্ঞা থাকার বিষয়টি আমার জানা নেই। আমরা উচ্ছেদ মামলা করেই তারপর সরকারি সম্পত্তি দখলমুক্ত করেছি। বর্তমানে সেখানে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ করা হচ্ছে।“

কৃষক সুলতান মিয়ার অভিযোগ ও দাবি সঠিক নয় বলে দাবি করেন তিনি।