অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করায় খুন হয় মাদারীপুরের জহিরুল: পুলিশ
‘যৌনকর্মীর’ সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করায় মাদারীপুরের এসএসসি পরীক্ষার্থী জহিরুলকে হত্যা করা হয় বলে পুলিশ জানিয়েছে।
জেলার পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানান, হত্যাকাণ্ডের আট দিন পর জহিরুলের এক কিশোর বন্ধুকে (১৬) গ্রেপ্তারের পর পুলিশ এই তথ্য জানতে পেরেছে।
গত ২৪ ফেব্রুয়ারি নিজ ঘরে খুন হন মাদারীপুরের কালকিনি উপজেলার মহরুদ্দির চর এলাকার বারেক সরদারের ছেলে জহিরুল।
স্থানীয় সমিতিরহাট আবা খালেক মাধ্যমিক উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল জহিরুল।
হত্যার ঘটনায় নিহতের বড় ভাই শাহীন সরদার অজ্ঞাত আসামির বিরুদ্ধে কালকিনি থানায় মামলা করেন।
পুলিশ সুপার বৃহস্পতিবার দুপুরে তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে বলেন, তদন্তে নেমে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজধানী ঢাকার শ্যামপুর থেকে বুধবার রাতে জহিরুলের এই কিশোর বন্ধুকে গ্রেপ্তার করে। এ সময় উদ্ধার করা হয় নিহত জহিরুলের ব্যবহৃত মোবাইল ফোনও।
গ্রেপ্তারকৃত কিশোরকে জিজ্ঞাসাবাদের তথ্য দিয়ে পুলিশ সুপার বলেন, গ্রেপ্তারকৃত কিশোরের সঙ্গে এক যৌনকর্মীর সম্পর্ক হয়। তাদের অন্তরঙ্গ মুহর্তের ভিডিও ধারণ করেন জহিরুল। সেই ভিডিও নিয়ে জহিরুল তার বন্ধুকে জিম্মি করেন। এর জেরে জহিরুলকে হত্যা করা হয় বলে গ্রেপ্তারকৃত কিশোর স্বীকার করেন।
“গ্রেপ্তারকৃত কিশোর মাদারীপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।”
আদালতের আদেশ অনুযায়ী পুলিশ পরের পদক্ষেপ নেবে বলে জানান পুলিশ সুপার।
