কোভিডে টিউশন বন্ধ, শারীরিক প্রতিবন্ধী কবিরের সংসার চলে শুঁটকি বেচে
জন্মের পর থেকেই দুই হাত বিকল। বাদাম বিক্রি আর টিউশনি করে গ্রহণ করেছেন উচ্চশিক্ষা; ধরেছেন সংসারের হালও। জীবন সংগ্রামে শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করা মানিকগঞ্জের মো. কবির হোসেন বিপাকে পড়েছেন মহামারীকালে।
সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের সাতানী গ্রামের আব্দুস সাত্তারের ছেলে কবির একাধিক চাকরির পরীক্ষায় অংশ নিলেও চাকরি হয়নি। কোভিড শুরুর পর টিউশনি করে আয়ের পথও বন্ধ হয়। দুই সন্তানের এ জনক এখন সংসার চালান শুঁটকি বিক্রি করে।
কবির হোসেন বলেন, “১৯৯০ সালের ৩ মে তার জন্মের পর থেকেই আমার দুই হাত বিকলাঙ্গ । তারপরও শারীরিক প্রতিবন্ধকতার কাছে হার মানি নাই। সংসার চালাতে ও পড়াশোনা করতে ২০০২ সাল থেকে বাদাম বিক্রি শুরু করি।
হরিরামপুরের বলড়া মুন্নু আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ২০০৭ সালে এসএসসি ও আদর্শ মহাবিদ্যালয় খাবাশপুর থেকে ২০১০ সালে এইচএসসি পাশ করি। পরে আদর্শ মহাবিদ্যালয় থেকে ২০১৩ সালে বি এ সম্পন্ন করি। তারপর ২০১৬ সালে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ থেকে এম এ পাশ করি।
লেখাপড়া শেষ করে সরকারি-বেসরকারি চাকরির পরীক্ষায় অংশ নেওয়ার পাশাপাশি টিউশনি করে সংসার চালাই। একাধিক চাকরির পরীক্ষায় অংশ নিলেও চাকরি জোটেনি। ২০১৪ সালে শিউলি বেগমকে বিয়ে করি। আমার এক ছেলে ও মেয়ে।”
ভাড়ারিয়া বাজারের নাসরিন স্টোরের কর্ণধার এরশাদ মিয়া বলেন, “শারীরিক প্রতিবন্ধকতা থাকা স্বত্ত্বেও কখোনো ভিক্ষাবৃত্তি করেনি কবির। ১২ বছর বয়স থেকে বাদাম বিক্রি সংসারে সহায়তা করার পাশাপাশি পড়াশোনা চালিয়ে গেছেন। টিউশনি করে সংসার চালিয়ে এমএ পাশও করেছেন।
“মহামরী শুরুর পর বাজারের বিভিন্ন জায়গায় বসে শুঁটকি বিক্রি করে সংসার চালিয়ে আসছে কবির। কয়েকদিন হল আমার দোকানের সামনে বসে শুটকি বিক্রি করে। ছেলেটা পরিশ্রমী।”
ভাড়ারিয়া বাজারের ব্যবসায়ী রাকিবুল ইসলাম বলেন, শান্ত স্বভাবের কবির হোসেন আমার গ্রামের ছেলে। অর্থাভাবে কষ্টে থাকলেও পড়াশোনা ছাড়েন নি। বাদাম বিক্রি করে পড়াশোনা করেছেন। জন্মগতভাবে দুই হাত বিকলাঙ্গ কবির হোসেনের সরকারি বেসরকারি সহায়তা দরকার।
স্থানীয় হ্যালোবাইক চালক সামাদ মিয়া বলেন, বালিরটেক হাটে শুটকি বেচতে দেখি কবির হোসেনকে। তিনি পরিশ্রমী।
এ বিষয়ে ভাড়ারিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ পান্নু মিয়া বলেন, পরিষদ থেকে কবির হোসেনকে সরকারি সহায়তা দেওয়া হবে।
