২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে কলেজছাত্রের মরদেহ, মৃত্যুর কারণ মেলেনি

গাজীপুর কালিয়াকৈর উপজেলায় এক কলেজছাত্রের মরদেহ পাওয়া গেছে। তার মৃত্যু কীভাবে হয়েছে জানা যায়নি।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2022, 09:09 PM

Updated : 02 Aug 2022, 03:02 PM

মৌচাক এলাকায় বসুন্ধরা প্রকল্প থেকে বুধবার দুপুরে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত ইমন হোসেন (২২) কালিয়াকৈরের নয়াপাড়ার ইসমাইল হোসেনের ছেলে এবং স্থানীয় মিছির আলী খান মেমোরিয়াল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

কালিয়াকৈর থানাধীন মৌচাক পুলিশ ফাঁড়ির এসআই সাইফুল আলম জানান, কালিয়াকৈরের জামালপুর সরকারি প্রথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে বসুন্ধরা প্রকল্পের একটি প্লটে ওই শিক্ষার্থীর লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা মৌচাক পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ দুপুর সাড়ে ১২টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

ওই শিক্ষার্থীর লাশের পাশ থেকে একটি ব্যাগ উদ্ধার করা হয়েছে। তার পরনে হলুদ টি শার্ট, ব্লেজার ও জিন্সের প্যান্ট ছিল।

ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, মঙ্গলবার দুপুরে বন্ধুদের নিয়ে দাওয়াতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে রাতে বাড়ি ফেরেননি ইমন।

“নিহতের শরীরে আঘাতের আলামত পাওয়া যায়নি। মৃত্যর আগে সে বমি করেছে।”

এমনও হতে পারে – দুর্বৃত্তরা তাকে নেশা জাতীয় দ্রব্য বা বিষযুক্ত কিছু খাওয়ায়েও হত্যা করে থাকতে পারে, বলেন তিনি।

তিনি জানান, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার আগে মৃত্যুর সঠিক কারণ বলা সম্ভব নয়। রাতে তার সঙ্গে অন্যরা কারা ছিল তাদের খোঁজা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।