২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে অস্ত্র, গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ ২ ‘ডাকাত’ আটক

কক্সবাজারের টেকনাফে অস্ত্র, গুলি ও ‘ডাকাতির সরঞ্জামসহ’ দুই যুবক ধরা পড়েছেন, যাদের রোহিঙ্গা ডাকাতদলের সদস্য বলছে র‍্যাব।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2022, 07:47 PM

Updated : 25 Oct 2022, 10:16 AM

র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খাইরুল ইসলাম সরকার জানান, বুধবার ভোররাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

আটকরা হলেন হ্নীলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব সিকদারপাড়ার প্রয়াত মো. ইদ্রিসের ছেলে মো. রমিজ (২৭) এবং নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের ই-ব্লকের মো. জহিরের ছেলে মো. শফিক (৩০)।

কর্নেল খাইরুল বলেন, লেদা বাজার সংলগ্ন সোলার প্যানেল বিদ্যুৎ কেন্দ্রের বিপরীতে অবস্থান নেওয়া কতিপয় লোকের গতিবিধি সন্দেহজনক বলে খবর পায় র‍্যাব। এরপর র‍্যাবের একটি দল তাৎক্ষণিক অভিযান চালায়।

“র‍্যাবের উপস্থিতি টের পেয়ে সন্দেহজনক লোকগুলো সঙ্গে থাকা বস্তাসহ পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ধাওয়া দিয়ে র‍্যাব সদস্যরা দুই জনকে আটক করতে সক্ষম হয়।”

পরে আটকদের দেহ এবং সঙ্গে থাকা বস্তা তল্লাশি করে দেশে তৈরি আটটি বন্দুক, ১৮টি গুলি, একটি ছোরা, একটি লোহার শিকল, ডাকাতির কাজে ব্যবহৃত একই রঙের পাঁচটি শার্ট ও দুইটি নেমপ্লেট পাওয়া যায় বলে তিনি জানান।

আটকদের স্বীকারোক্তির বরাতে র‍্যাবের এ কর্মকর্তা বলেন, "আটকরা রোহিঙ্গা ডাকাতদল পুতিয়া গ্রুপের সদস্য। গত ১৯ ফেব্রুয়ারি ডাকাত দলটির অন্যতম সহযোগী খায়রুল আমিনকে কয়েকটি অস্ত্র ও গুলিসহ র‍্যাব আটক করেছিল। সে আটক হওয়ায় ডাকাতদলটির সদস্যরা আতংকগ্রস্ত হয়ে উদ্ধার অস্ত্রগুলো গোপন আস্তানায় সরিয়ে নিতে জড়ো হয়েছিল।"

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান লেফটেন্যান্ট কর্নেল খাইরুল।