২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দৌলতদিয়ায় যানজট, ফেরিতে উঠতে ১২ ঘণ্টার অপেক্ষা

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে সহস্রাধিক যানবাহন পারের অপেক্ষায় রয়েছে; ১১-১২ ঘণ্টা অপেক্ষার পর ফেরিতে উঠার সুযোগ পাচ্ছেন বলে জানিয়েছেন চালকরা।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2022, 12:49 PM

Updated : 25 Oct 2022, 10:16 AM

বুধবার সকালে হানিফ পরিবহনের একটি বাসের চালক ইদ্রিস মিয়া (৪৫) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মঙ্গলবার রাত ১০টায় দৌলতদিয়া ফেরি ঘাটে এসে পৌঁছেছি। এখন সকাল ৮টা বাজে; এখনও ফেরিতে উঠতে পারি নাই।

“ঘাট থেকে কমপক্ষে দুই কিলোমিটার দূরে আছি। ফেরি পেতে আরও তিন ঘণ্টা অপেক্ষা করতে হবে মনে হচ্ছে। সারা রাত একটুও ঘুমাই নাই। গাড়ির স্টিয়ারিং ধরে একটু একটু করে এগোচ্ছি”, যোগ করেন চালক।

সরেজমিনে সকালে গিয়ে দেখা যায়, ঘাটের জিরো পয়েন্ট থেকে যাত্রীবাহী যানবাহন ঢাকা-খুলনা মহাসড়কের প্রায় পাঁচ কিলোমিটার দূর পর্যন্ত রয়েছে। পণ্যবাহী ট্রাকের সারি ছাড়িয়ে গেছে আরও বেশি। প্রায় আট কিলোমিটার দূরের গোয়ালন্দ মোড়ের কাছে রয়েছে ট্রাক।

যাত্রী, চালক ও ঘাটের দায়িত্বরত কর্মকর্তারা জানিয়েছেন, এখানে এমনিতে যানজট থাকে। কিন্তু এখন যানজট বেশি হওয়ার কারণ হচ্ছে, ফরিদপুরের বিশ্বজাকের মঞ্জিলের ওরশ মোবারক। মঙ্গলবার সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ওরশ শেষ হয়েছে। তারপরই ভক্তদের বহনকারী গাড়ির চাপ বাড়তে থাকে ঘাট এলাকায়। দীর্ঘ সময় অপেক্ষায় থেকে ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব‍্যবস্থাপক মো. শিহাব উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওরশ থেকে ফেরা যানবাহনের চাপে ঘাটে যানবাহনের সারি দীর্ঘ হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে ১৯টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। ঘাটে মোট ২০ রয়েছে। এর মধ্যে একটির কাজ চলছে।

বিকাল নাগাদ পরিস্থিতি স্বাভাবিকে চলে আসবে বলে আশা করেন ব্যবস্থাপক।

ঘাটে অপেক্ষায় থাকা আফরোজা পরিবহনের বাসের চালক (৩০) বলেন, “আমি যশোর থেকে এসেছি। ঢাকায় যাব। মঙ্গলবার বিকালে ঘাট থেকে পাঁচ কিলোমিটার দূরে সিরিয়ালে আটকা পরি। একটু একটু করে এগোতে এগোতে সারা রাত ধরে দুই কিলোমিটার এসেছি। ফেরিতে উঠতে হলে আরও তিন কিলোমিটার পথ পাড়ি দিতে হবে।”

ট্রাকের চালক সুকান্ত বলেন, “ভাই, খুবই কষ্টে আছি। সারা রাত ঘুমাই নাই। গাড়িতেই বসে আছি।“

“যে কয়টা টাকা পকেটে এনেছিলাম তা খেতেই শেষ। একটু পরে বাড়িতে ফোন দিয়ে বউকে বলবো বিকাশে টাকা পাঠাতে”, যোগ করেন সুকান্ত।