ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষণের মামলায় কলেজ ছাত্র গ্রেপ্তার
ঠাকুরগাঁও সদর উপজেলায় ছয় বছরের শিশুকে ধর্ষণের মামলায় এক কলেজ ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের একটি গ্রাম থেকে ওই ছাত্রকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন সদর থানার ওসি তানভিরুল ইসলাম।
গ্রেপ্তার নাঈম উদ্দীন শরিফ (২২) ঠাকুরগাঁও সরকারি কলেজের সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্র।
বুধবার সকালে ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মঙ্গলবার বিকালে শিশুটি নাঈমদের বাড়িতে আসে। এ সময় শিশুটিকে নির্যাতন করা হয়। একপর্যায়ে শিশুটির চিৎকারে আশপাশের লোকজন গিয়ে তাকে উদ্ধার করে।
রাত ১১টায় ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান লিটন বিষয়টি থানায় জানান। পরে পুলিশ গিয়ে নাঈমকে গ্রেপ্তার করে। রাতেই শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।
শিশুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা।
