২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্ল্যাটে ঢুকে মা-মেয়েকে ছুরিকাঘাতে হত্যা, যুবক আটক

নারায়ণগঞ্জ শহরে একটি ফ্ল্যাটে ঢুকে মা ও অন্তঃসত্ত্বা মেয়েকে ছুরিকাঘাতে হত্যা করেছে এক হামলাকারী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2022, 10:17 PM

Updated : 25 Oct 2022, 10:16 AM

নিতাইগঞ্জের ডালইপট্টি এলাকায় ছয় তলা ভবনের ছয় তলার ফ্ল্যাট থেকে মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ঘটনার পরপরই ফ্ল্যাটের লোকজনের চিৎকার ও চেচামেচিতে আশপাশের লোকজন ভবনের মূলফটক বন্ধ করে দেয়। পরে পুলিশ গিয়ে এক যুবককে আটক করে।

নিহতরা হলেন নিতাইগঞ্জ ডালপট্টির রামপ্রসাদ চক্রবর্তীর স্ত্রী রুমা চক্রবর্তী (৪৬) ও তার মেয়ে সাত মাসের অন্তঃসত্ত্বা ঋতু চক্রবর্তী (২২)।

আটক জোবায়ের (৩১) শহরের পাইকপাড়ার আলাউদ্দিন মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মো. শাহজামান জানান, ডাইলপট্টির স্বপন দাসের ছয় তলা ভবনের ছয় তলার ফ্ল্যাটে রাম প্রসাদ চক্রবর্তী ভাড়া থাকেন।

“বিকাল পৌঁনে ৩টার দিকে তার ফ্ল্যাটে জোবায়ের হানা দেন। সে ওই ফ্ল্যাটের কলিং বেল চেপে ভেতরে প্রবেশ করে রাম প্রসাদ চক্রবর্তীর স্ত্রী রুমা চক্রবর্তীকে গলাচেপে ধরে শ্বাসরোধে ও ছুরিকাঘাতে হত্যা করেন।

“এ সময় তাকে বাঁচাতে এগিয়ে এলে রুমা চক্রবর্তীর মেয়ে ঋতু চক্রবর্তীকে ছুরিকাঘাতে হত্যা করেন জোবায়ের।”

ওসি বলেন, এ সময় জোবায়ের পাশের ফ্ল্যাটে থাকা রাম প্রসাদ চক্রবর্তীর ছেলের বউ শীলাকেও বটি দিয়ে হত্যার উদ্দেশ্যে কোপ দেন। তখন শীলা জোবায়েরকে ধাক্কা দিয়ে ফেলে দেন। এ সময় জোবায়ের হাত থেকে বটি পড়ে গেলে বটি নিয়ে দৌড়ে সিঁড়ি নিয়ে নিচে নামেন শীলা। এ সময় জোবায়ের তাকে (শীলা) মারতে নিচে নেমে এলে তার হাতে বটি দেখে ফের উপরে চলে যায় এবং ঘরের দরজা বন্ধ করে দেন।

“খবর পেয়ে পুলিশ গিয়ে ওই ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতর থেকে জোবায়েরকে আটক করে।”

ওসি বলেন, ঘরের মেঝেতে পড়ে ছিল রুমা চক্রবর্তী ও তার মেয়ে সাত মাসে অন্তঃসত্ত্বা ঋতু চক্রবর্তীর লাশ। ঋতুর পিঠে দুটি ছোরাবিদ্ধ ও হাতে একটি ছোরা বিদ্ধ ছিল।

রুমা চক্রবর্তীর স্বামী রাম প্রসাদ চক্রবর্তী বলেন, তিনি খবর শুনে বাড়ির নিচে এসে দেখেন গেইট তালা বন্ধ।

রাম প্রসাদ বলেন, তিনি তখন স্ত্রী রুমার মোবাইলে ফোন দিলে জোবায়ের ফোন ধরে বলেন – “কোথায় টাকা পয়সা স্বর্ণালংকার আছে বল; না হলে তোর বাড়ির সকলকে মেরে ফেলব।”

তিনি আরও বলেন, তার স্ত্রী ও মেয়েকে হত্যার পর পাশের রুমে ছেলের বউকে হত্যা করতে বটি দিয়ে কোপ দিলে সে ধাক্কা দিয়ে জোবায়েরকে ফেলে দেয় এবং বটি নিয়ে নিয়ে প্রাণ বাঁচাতে নিচে নেমে আসেন। না হলে ঘাতক তার ছেলের বউকেও মেরে ফেলত।

রাম প্রসাদ চৌধুরী বলেন, তার মেয়ে প্রথম অন্তঃসত্ত্বা হয়েছেন বলে জামাতা তার মেয়েকে তাদের এখানে দিয়েছেন। জামাতা চট্টগ্রামে গাড়ির ব্যবসা করেন। এখানে আসা-যাওয়া করেন। তিন চার দিন যাবত ছেলের বউ তাদের বাড়িতে রয়েছেন।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আমির খসরু বলেন, হত্যার সঙ্গে জড়িত জোবায়েরকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত তিনটি ছোরা ও রক্তমাখা গ্লাভস জব্দ করা হয়েছে। কী কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সেটি খতিয়ে দেখা হচ্ছে।