২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড থেকে মুক্তির প্রার্থনা বিশ্বজাকের মঞ্জিলের আখেরি মোনাজাতে

ফরিদপুরের  আটরশির বিশ্বজাকের মঞ্জিল দরবার শরিফে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে চার দিনব্যাপী ওরশ শেষ হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2022, 06:02 PM

Updated : 25 Oct 2022, 10:16 AM

মঙ্গলবার বাদ ফজর বিশ্ব মানবতার সুখ-শান্তি ও উত্তম সাফল্য কামনা করে আখেরি মোনাজাত পরিচালনা করেন আলহাজ খাজা মাহফুজুল হক মোজাদ্দেদী।

মোনাজাতে করোনাভাইরাসের ভয়াবহতা থেকে বিশ্ববাসীকে রক্ষার জন্য বিশেষ প্রার্থনা করা হয়। 

দরবার শরিফ থেকে গণমাধ্যমকে জানানো হয়, ওরসে বাংলাদেশ ছাড়াও বিশ্বের ১৭টি দেশ থেকে কয়েক লাখ ভক্ত অংশ নিয়েছেন।

সকালে ভক্তদের বিদায়ের সময় দরবার শরিফ থেকে পুখুরিয়া-মাওয়া ঘাট পর্যন্ত গাড়ির যানজটের সৃষ্টি হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন ওরশ পরিচালনা কমিটির সভাপতি মো. শহিদুল ইসলাম শাহিন।

বিশ্বজাকের মঞ্জিলের কর্মী গ্রুপের ফরিদপুরের প্রধান কবিরুল ইসলাম সিদ্দিকী গণমাধ্যমকে বলেন, প্রতি বছরের মতো এবারও ফরিদপুরের সদরপুরের আটরশিতে এই ওরশে প্রাত্যহিক ফরজ এবাদতের পাশাপাশি পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির আজগার, মোরাকাবা-মোশাহেদা, ওয়াজ নসিহত, ওয়াজ মাহফিল এবং সুন্নাত এবাদতের পাশাপাশি নফল এবাদত অনুষ্ঠিত হয়।

তিনি জানান, আখেরি মোনাজাতে ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশ ও জাতীর কল্যাণ কামনায় বিশেষ করে চলমান করোনাভাইরাস মহামারীসহ সব মুশকিল থেকে রক্ষার জন্য আল্লাহু তায়ালার দরবারে প্রার্থনা করা হয়।