২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে এলপিজি সিলিন্ডারের দোকানে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ড

সিলেটের দক্ষিণ সুরমায় একটি এলপিজি গ্যাস সিলিন্ডারের দোকানে বিস্ফোরণের পর ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। 

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2022, 09:36 AM

Updated : 25 Oct 2022, 10:16 AM

সোমবার রাত ১০টার দিকে বাবনা পয়েন্ট এলাকায় ওই দোকানে আগুন লাগে বলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেটের উপ-পরিচালক সানাউল হক জানান।

তিনি বলেন, রাত ১০টার দিকে ওই দোকানে একটি সিলিন্ডার বিস্ফোরণ ঘটে এবং তারপর আগুন লেগে যায়। পরে পাশের আরেকটি দোকান এবং সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্র্যাংক লরিতেও আগুন ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

স্থানীয়দের বরাত দিয়ে সানাউল হক বলেন, “বিকট শব্দে সেখানে একটি সিলিন্ডার বিস্ফোরিত হয়। আগুনে মুহূর্তে দোকানটি পুড়ে ছাই হয়ে যায়। এরপর আগুনের লেলিহান শিখা বাড়তে থাকে।”

তিনি বলেন, ওই দোকানের পাশেই যমুনা, মেঘনা ও পদ্মা ওয়েল কোম্পানির ডিপো থাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির ঝুঁকি ছিল। ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে পারায় বিপদ আরও বড় হতে পারেনি।

তবে কীভাবে ওই দোকানে আগুনের সূত্রপাত হল তা এখনো জানা যায়নি। ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণও এখনো নিরুপণ করা সম্ভব হয়নি বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তা সানাউল।

দক্ষিণ সুরমা থানার ওসি কামরুল ইসলাম বলেন, এ ঘটনায় কারও হতাহতের খবর তাদের জানা নেই।