নওগাঁয় আটক বিএসএফ সদস্যকে ভারতে হস্তান্তর
নওগাঁর ধামইরহাট সীমান্তে ‘মদ্যপ’ অবস্থায় আটক এক বিএসএফ সদস্যকে ভারতে ফেরত দেওয়া হয়েছে।
উপজেলার কালুপাড়ায় রোববার দুপুরে ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে দিলিপ কুমারকে বিএসএফের কাছে হস্তান্তর করার কথা জানান বিজিবি ১৪ এর অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল এসএম নাদিম আরেফিন।
অধিনায়ক নাদিম আরেফিন বলেন, শনিবার রাত সাড়ে ১১টার দিকে বিএসএফের এক সদস্য ইউনিফর্ম পরিহিত অবস্থায় ‘মদ পান’ করে বাংলাদেশের সীমানায় প্রবেশ করে চিৎকার করতে থাকেন। পরে গ্রামবাসীরা তাকে আটক করে স্থানীয় বিজিবি ক্যাম্পে সংবাদ দেয়।
সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা তাকে উদ্ধার করেন।
তার কাছ থেকে একটি অস্ত্র, হ্যান্ড গ্রেনেড ও দশ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে জানান অধিনায়ক নাদিম আরেফিন।
তিনি বলেন, বিএসএফের সঙ্গে যোগাযোগ করে রোববার দুপুর সাড়ে ১২টার দিকে বিজিবি ও বিএসএফের ব্যাটলিয়ন পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে দিলিপ কুমারকে হস্তান্তর করা হয়।
বৈঠকে বিএসএফ ১৩৭ ব্যাটলিয়নের কর্নেল গুলজার যাদব উপস্থিত ছিলেন।
