গাজীপুরে যুবককে ‘পিটিয়ে’ হত্যার মামলা
গাজীপুরে ডেকে নিয়ে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে মামলা হয়েছে।
নিহতের ছোট ভাই মো. সোহাগ মিয়া বাদী হয়ে রোববার সকালে কালীগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন।
মামলায় দশ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরও ৩/৪ জনকে আসামি করা হয়েছে।
আসামিরা হলেন কালীগঞ্জ উপজেলার জামালপুর গ্রামের জেরিন আক্তার (২৫) ও তার স্বামী মো. মামুন (৩৫), উপজেলার দক্ষিণবাগের বন্যা আক্তার (২২), তার স্বামী শুকুর আলী ওরফে হিমেল (২৮), ভাই জুবায়ের হোসেন (২০) ও মা জুলেখা আক্তার (৫৫), শরীফ (৩২), তার স্ত্রী জেমি (৩০) এবং বাহাদুরসাদী গ্রামের সাগর (৩৬) ও তার স্ত্রী মাকসুদা বেগম (২৮)।
শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সোহেল ভূঁইয়া (৩৬) নামরে এক যুবকের লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।
সোহেল ভূঁইয়া কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী গ্রামের মৃত ছালাম ভূঁইয়ার ছেলে।
মামলার বাদী মো. সোহাগ মিয়া বলেন, পূর্ব শত্রুতার জের ধরে শুক্রবার রাত ৯টার দিকে আসামি জেরিন আক্তার মোবাইল ফোনে সোহেলকে ডেকে নিয়ে যান। রাত সাড়ে ১০টার দিকে জেরিনের স্বামী মামুন ফোন দিয়ে জানান যে সোহেলকে জেরিনদের বাড়িতে আটকে রাখা হয়েছে।
“এরপর মামুন আরও দুই বার ফোন দেয়; কিন্তু বেশি রাত হওয়ায় আমি সেখানে আর যাইনি। তবে বিষয়টি ফোনে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য পনিরকে জানাই।”
পরে ইউপি সদস্য জেরিনদের বাড়ি গিয়ে সোহেলকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান উল্লেখ করে সোহাগ বলেন, “হাসপাতালের বিষয়টি জানতে পেরে শনিবার সকালে সেখানে যাই। সেখানে গিয়ে সোহেলের বাম পায়ে গুরুতর আঘাতের চিহ্নসহ ডান পায়ে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের আলামত পাওয়া যায়। এর কিছুক্ষণ পর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
স্থানীয়দের বরাত দিয়ে সোহাগ আরও বলেন, ওইদিন জেরিনদের বাড়ির উঠানে বরই গাছের সঙ্গে সোহেলকে রশি দিয়ে বেঁধে রাত ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত বাঁশ, কাঠের টুকরা ও লোহার রড দিয়ে পিটিয়ে উঠানে ফেলে রাখে।
মামলার তদন্ত কর্মকর্তা কালীগঞ্জ থানার এসআই মো. মিন্টু মিয়া বলেন, লাশের ময়নাতদন্ত শেষে শনিবার রাতেই লাশ তার পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে।
