১১ দিনে নদী-সাগর পেরিয়ে ভারতের কচ্ছপ খুলনায়
গবেষণার কাজে ব্যবহৃত ভারতীয় একটি বিপন্ন প্রজাতির কচ্ছপ খুলনার দিঘলিয়া উপজেলায় জেলেদের জালে ধরা পড়েছে।
স্যাটেলাইট ট্রান্সমিটার বসানো বাটাগুরবাস্কা প্রজাতির কচ্ছপটি শনিবার উপজেলার গাজীরহাটে এক জেলের জালে ধরা পড়ে বলে জানান পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজননকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কচ্ছপটি ধরা পড়ার পর প্রথমে সেটি পুলিশ উদ্ধার করে নিজেদের কাছে রাখে। পরে বনবিভাগের খুলনা অঞ্চলের সিএফ মিহির কুমার দো খবর পেয়ে আমাদের জানান। আমরা রোববার সকালে কচ্ছপটি উদ্ধার করে করমজলে এনে রেখেছি।“
তিনি আরও বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজননকেন্দ্রে গড়ে ওঠা বাটাগুরবাস্কা প্রজেক্টের স্টেশন ম্যানেজার আব্দুর রব বলেন, “বিলুপ্ত প্রজাতির বাটাগুরবাস্কা কচ্ছপের গতি ও আচরণবিধি, বিচরণক্ষেত্র, খাদ্যাভাস ও প্রজনন সম্পর্কে জানতে ভারতের টাইগার প্রজেক্ট গত ১৫ ফেব্রুয়ারি দেশটির সজনেখালী এলাকার কুলতলীতে স্যাটেলাইট ট্রান্সমিটার বসানো ১০টি পুরুষ কচ্ছপ অবমুক্ত করে। ১১ দিনে এটি নদী-সাগর হয়ে দিঘলিয়া উপজেলার গাজীরহাটে চলে আসে।“
তিনি আরও জানান, এই ধরনের আরও একটি কচ্ছপ পূর্ব সুন্দরবনের বলেশ্বর ও সাউথখালীর নদীতে বিচরণ করছে।
“একসময়ে বাংলাদেশ, ভারত ও মিয়ানমারে বাটাগুরবাস্কা প্রজাতির কচ্ছপের অস্তিত্ব ছিল। এখন এগুলো বিলুপ্তপ্রায়। এসব দেশের উপকূলীয় এলাকায় দুয়েকটি যৎসামান্য অস্তিত্ব রয়েছে। সেগুলো সংগ্রহ করেই গবেষণার কাজ করছেন সংশ্লিষ্টরা”, যোগ করেন আব্দুর রব
করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজননকেন্দ্র থেকে জানানো হয়, বিলুপ্তপ্রায় বাটাগুরবাস্কা প্রজাতির কচ্ছপের নানা কার্যক্রম জানতে বাংলাদেশ বনবিভাগ, অস্ট্রিয়ার ভিজুয়েনা, আমেরিকার টিএসএ ও ঢাকার প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন যৌথভাবে কাজ করছে।
