ব্রাহ্মণবাড়িয়ায় সন্তান জন্ম দেওয়া কিশোরী ‘ধর্ষণের শিকার’
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় ১৩ বছর বয়সী এক কিশোরী মা হওয়ার পর তার ‘ধর্ষণের শিকার’ হওয়ার বিষয়টি বেরিয়ে এসেছে।
গত ১৭ ফেব্রুয়ারি ওই কিশোরী একটি ছেলে সন্তানের জন্ম দেওয়ার পর এ নিয়ে শুক্রবার রাতে সালিশে বসে গ্রামের লোকজন।
কিশোরীর মা সাংবাদিকদের জানান, তিনি অন্যের বাড়িতে কাজ করেন। তার স্বামীও কাজের প্রয়োজনে বাইরে বাইরে থাকেন।
“এই সুযোগে প্রতিবেশী হরিদাশ (৫০) আমার মেয়েকে প্রাণনাশের হুমকি দিয়ে একাধিকবার ধর্ষণ করে। এতে আমার মেয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।”
কিশোরীর মা বলেন, শুক্রবার রাতে শতাধিক মানুষের উপস্থিতিতে সালিশে সিদ্ধান্ত হয়, কিশোরীর বয়স ১৮ বছর পূর্ণ হলে হরিদাশের সঙ্গে তার বিয়ে দেওয়া হবে। এ ছাড়া নিরাপত্তার স্বার্থে ৩০ শতাংশ জমি মেয়েটির নামে লিখে দিতে হবে হরিদাশকে।
ওই সালিশে উপস্থিত স্থানীয় ‘মুরুব্বি’ রামপ্রসাদ মল্লিক বলেন, “১৮ বছর না হওয়ায় আইনগতভাবে এখনই বিয়ে দেওয়া যাচ্ছে না। তাই প্রাপ্তবয়স্ক হওয়ার পর দুইজনের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
ধর্ষণের ঘটনায় গ্রাম্য সালিশ আইনসঙ্গত কি না- সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, “সালিশে সবাই মিলে যে সিদ্ধান্ত নিয়েছে, সেটাই রায় দেওয়া হয়েছে।”
অভিযোগের বিষয়ে কথা বলতে হরিদাশের বাড়িতে গিয়ে তাকে পাননি সাংবাদিকরা।
তবে তার ছোট ভাই বলেন, “ধর্ষণের অভিযোগ সঠিক নয়। যদি ডিএনএ পরীক্ষার মাধ্যমে অভিযোগ সত্য প্রমাণিত হয়, তাহলে সালিশের রায় মেনে নেব।”
এ ব্যাপারে প্রশ্ন করলে নাসিরনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হালিমা খাতুন বলেন, “ঘটনাটি দুঃখজনক। তবে এ বিষয়ে ভুক্তভোগী পরিবার অভিযোগ দেয়নি। যদি পরিবারটি আইনি সহায়তা চায়, তাহলে তাদেরকে উপজেলা প্রশাসন থেকে সহায়তা করা হবে।”
আর নাসিরনগর থানার ওসি হাবিব উল্লাহ সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা এরই মধ্যে মেয়েটির পরিবারকে বলেছি এ ব্যাপারে থানায় অভিযোগ দিতে। তারা যদি অভিযোগ নিয়ে আসেন, তাহলে পুলিশ অবশ্যই সে অভিযোগ রাখবে এবং এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেবে।”
