২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বশেমুরবিপ্রবি ছাত্রীদের নিয়ে ‘বাজে মন্তব্য, অস্ত্রের মহড়া’

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমান বিজ্ঞান ও প্রযু‌ক্তি বিশ্ব‌বিদ্যাল‌য় ছাত্রীকে দলবেঁধে ধর্ষণের বিচার দাবিতে আন্দোলনের মধ্যে ছাত্রীদের উদ্দেশে বাজে মন্তব্যের অভিযোগ উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2022, 10:38 PM

Updated : 25 Oct 2022, 10:16 AM

ক্যাম্পাস সংলগ্ন বেসরকারি হোস্টেলের ছাত্রীরা এই অভিযোগ করেছেন। তাছাড়া অস্ত্রের মহড়া হয়েছে বলেও অভিযোগ এসেছে।

বিভিন্ন বর্ষের বিভিন্ন বিভাগের ছাত্রীরা অভিযোগ করেন, গত দুই দিন ধরে তারা বাইরে বের হতে পারছেন না। এমনকি বারান্দায়ও যেতে পারছেন না। সব সময় আশপাশের স্থানীয় ‘বখাটেরা ঘুরে বেড়াচ্ছে’ এবং ‘বিশ্ববিদ্যালয় ছাত্রীদের উদ্দেশে অশোভন আচরণ করছে’।

একজন ছাত্রী বলেন, “এমনকি মহিলারাও আমাদের নিয়ে বিভিন্ন বাজে মন্তব্য করছেন। তাদের ব্যবহার দেখে মনে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মানেই চরিত্রহীন।”

বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে (২২) দলবেঁধে ধর্ষণের অভিযোগ উঠলে শিক্ষার্থীরা আন্দোলনে নামেন। সেই আন্দোলনে পরে শিক্ষরাও যোগ দেন। আন্দোলনের মধ্যে হামলা চালিয়ে উপাচার্য, প্রক্টরসহ অন্তত ২০ জনকে আহত করা হয়।

বাজে মন্তব্য সম্পর্কে প্রক্টর বলেন, “আমাদের হলগুলোতে পর্যাপ্ত আবাসন সুবিধা নেই। ক্যাম্পাসের বাইরে অবস্থিত ছাত্রীদের কাছে বাজে মন্তব্যের অভিযোগ পাওয়ার পর বাড়ির মালিকদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করছি।”

এদিকে আন্দোলনের তৃতীয় দিন শনিবারও নানা কর্মসূচিতে ধর্ষণের প্রতিবাদ করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

উপাচার্য অধ্যাপক একিউএম মাহবুব ও প্রক্টর রাজিউর রহমান সেই আন্দোলনে সংহতি প্রকাশ করেন।

উপাচার্য মাহবুব বলেন, “গত কয়েক দিনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে যেসব অন্যায় হয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ ও বিচারের দাবিতে রাস্তায় দাঁড়াতে বাধ্য হয়েছি।

“কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যেন এ ধরনের কাজ করার সাহস ধর্ষকরা না পায় এজন্য দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি। আর শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হবে।”

তিনি পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের সংযত ও সতর্কভাবে চলাফেরার অনুরোধ জানিয়েছেন।

কর্মসূচির মধ্যে বিকেল ৫টায় ছাত্রী হল থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়‌ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।

তাছাড়া সন্ধ্যা সাড়ে ৭টায় প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেওয়া শিক্ষার্থীরা মোমবাতি জ্বেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আলোর মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। তাতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের কয়েকশ শিক্ষার্থী অংশ নেন। শিক্ষার্থীদের হাতে ছিল প্রজ্বলিত মোমবাতি আর মুখে প্রতিবাদী শ্লোগান।

এরই মধ্যে ক্যাম্পাস সংলগ্ন নবীনবাগে দিন-দুপুরে অস্ত্রের মহড়ার অভিযোগ উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অস্ত্রের মহড়ার ছবিও এসেছে।

অস্ত্রের মহড়ায় ওই এলাকার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা ভীত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাহায্য চান। পরে ঘটনাস্থলে পুলিশ গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

তবে পুলিশ অস্ত্রের মহড়া ও আতঙ্কের খবর গুজব বলে দাবি করেছে।

গোপালগঞ্জ থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, “খবর পেয়ে নবীনবাগে গিয়েছিলাম। সেখানে শিক্ষার্থীদের আতংকের ঘটনা স্রেফ গুজব। ওখানে পরিস্থিতি স্বাভাবিক আছে।”