২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2022, 05:13 PM

Updated : 02 Aug 2022, 03:00 PM

শনিবার সকালে লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. যোবায়ের।

নিহত সোহেল ভূঁইয়া (৩৬) উপজেলার বাহাদুরসাদী গ্রামের মৃত ছালাম ভূঁইয়ার ছেলে।

নিহতের ছোট ভাইয়ের বরাতে পরিদর্শক বলেন, “শুক্রবার রাত ৮টার দিকে কয়েকজন প্রতিবেশি সোহেলকে বাড়ি থেকে ডেকে নেয়। তারপর এক নারীর সঙ্গে পরকীয়ার অভিযোগে তাকে গাছের সঙ্গে বেঁধে, মুখে গামছা পেঁচিয়ে মারধর করে।“

“একপর্যায়ে অবস্থা খারাপ দেখে মারধরকারীরা সোহেলকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে তারা পালিয়ে যায়”, যোগ করেন পরিদর্শক।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক অভিজিৎ দাস গণমাধ্যমকে বলেন, “আনুমানিক রাত ২টার দিকে আহত অবস্থায় প্রতিবেশী পরিচয়ে জুবায়ের ও পনির নামে দুইজন লোক সোহেলকে হাসপাতালে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ঢাকায় পাঠানোর পরামর্শ দেন।

”কিন্তু তার মধ্যে সোহেলকে হাসপাতালে নিয়ে আসা দুইজন লোক পালিয়ে যায়। সকাল ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।”

পরে থানায় খবর দিলে পুলিশ নিহতের মরদেহ নিয়ে যায় বলে জানান অভিজিৎ।

পুলিশ পরিদর্শক আরও বলেন, সোহেলের বাম পায়ে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া ডান পায়ে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের আলামত রয়েছে।

এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।