মারামারি ঠেকাতে গিয়ে বৃদ্ধের মৃত্যু বেনাপোলে
যশোরের বেনাপোলে দুই প্রতিবেশীর মধ্যে মাটি কাটা নিয়ে বেধে যাওয়া মারামারি ঠেকাতে গিয়ে পড়ে গিয়ে এক বৃদ্ধ প্রাণ হারিয়েছেন।
মৃতের স্বজনদের দাবি, তাকে পিটিয়ে মারা হয়েছে; প্রতিপক্ষ বলছে, হৃদরোগে তার মৃত্যু হয়েছে।
পুলিশ বলছে, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই রিপোর্ট না পাওয়া পর্যন্ত এ ব্যাপারে কিছুই বলা যাবে না।
শুক্রবার বিকালে বেনাপোলের পোড়াবাড়ি নারায়ণপুর গ্রামে ঘটনাটি ঘটেছে। মৃত শশী ভূষণ বিশ্বাস (৭০) ওই গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ছয় জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
গ্রামবাসীর বরাতে বেনাপোল পোর্ট থানার এসআই আতিয়ার রহমান বলেন, বিনয় বিশ্বাস ও মনি ঠাকুরের পরিবারের মধ্যে বাড়ির সামনে মাটি কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়ের মধ্যে মারামারি বেধে গেলে বিনয় বিশ্বাসের পক্ষের দুই যুবক পাইপ দিয়ে মনি ঠাকুর ও তার স্ত্রী মামনি ঠাকুরকে পিটাতে থাকেন।
“তাদের মারামারি ঠেকাতে প্রতিবেশী শশী ভূষণ বিশ্বাস ছুটে যান। এ সময় উভয় পক্ষের ধাক্কাধাক্কিতে শশী ভূষন বিশ্বাস মাটিতে পড়ে যান এবং সেখানেই মারা যান।”
শশী ভূষণ বিশ্বাসের ছেলে বিপ্লব বিশ্বাস বলেন, “বাবা মাটিতে পড়ে গেলে তাকে আমি তুলতে যাই। তখন বিনয় বিশ্বাসের লোকজন আমার উপর হামলে পড়ে। তারা পাইপ দিয়ে বেধড়ক পেটাতে থাকে। এ সময় আমি ও বাবা আহত হই। বিনয় বিশ্বাসের লোকজন আমার বাবাকে মেরে ফেলেছে।”
বেনাপোল ইউপি চেয়ারম্যান বজলুর রহমান বলেন, “বিনয় বিশ্বাস ও মনি ঠাকুরের পরিবারের ঝামেলা দীর্ঘদিনের। প্রায়ই দুপরিবারের মধ্যে ঝগড়াঝাটি হতো। মারামারির মধ্যে ধাক্কাধাক্কিতে মাটিতে পড়ে শশী ভূষণ ‘হার্ট এটাক’ [হৃদরোগে আক্রান্ত] করেও মারা যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।”
বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূইয়া বলেন, বেনাপোল পোড়াবাড়ী নারায়ণপুর গ্রামে দুপরিবারের মারামারির মাঝে পড়ে শশী ভূষণ বিশ্বাস নামে একজন মারা গেছেন। ময়নাতদন্তের জন্য লাশ যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট না আসা পর্যন্ত কিভাবে মারা গেছেন সেটা বলা সম্ভব হচ্ছেনা। বিষয়টা তদন্ত করা হচ্ছে।
"বিনয় বিশ্বাস ও তার ছেলে শুভঙ্কর বিশ্বাস, আব্বাস আলি ও তার ছেলে বাবু, মনি ঠাকুর ও তার স্ত্রী মামনি ঠাকুরকে জিজ্ঞাসাবাদের পুলিশ হেফাজতে রাখা হয়েছে।"
