২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুর মেডিকেলের রোগীকে রাস্তায় রেখে আসার অভিযোগ

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের এক রোগীকে বাইরে রেখে আসার অভিযোগ উঠেছে। পরে স্থানীয়দের ফোন পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2022, 07:58 PM

Updated : 25 Oct 2022, 10:15 AM

শুক্রবার সকালে একটি ট্রলিতে তুলে মোশারফ হোসেন (৬০) নামের এই ব্যক্তিকে এক আয়া হাসপাতালের সামনের সড়কে রেখে আসেন বলে অভিযোগ।

মোশারফ হোসেন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বাসিন্দা।

তবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. সাইফুর রহমান বিষয়টি তার জানা নেই বলে জানান।

মোশারফ হোসেন জানান, ঝিনাইদহ থেকে তিনি দিন মুজুরের কাজে ফরিদপুরে এসেছিলেন। ২৫ দিন আগে জেলার মধুখালী উপজেলায় সড়ক দুর্ঘটনায় মাথা এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন তিনি। প্রথমে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এরপর থেকে গত ২২ দিন ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মোশারফ হোসেন। মোশারফ অভিযোগ করেন, শুক্রবার সকালে হাসপাতালের এক আয়া ট্রলিতে করে তাকে নিয়ে এসে মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের সামনে ফরিদপুর-বরিশাল সড়কে ফেলে রেখে যান। “অনেক অনুনয় বিনয় করলেও হাসপাতালের লোকজন আমাকে কোনো চিকিৎসা দেয়নি। আমাকে একটি ট্যাবলেটও দেয় আমাকে এক কোণে রাখা হয়, ওষুধ দেওয়া হয় না। আবার সকালে রাস্তার মধ্যে ফেলে দিয়ে গেছে।” স্থানীয় বাসিন্দা ব্যবসায়ী আসলাম শেখ বলেন, “সকালে দোকানে এসে দেখি সামনের সড়কে একজন বৃদ্ধ লোক পড়ে রয়েছে। কাছে গিয়ে দেখি কাতরাচ্ছে। পরে তার কাছে গিয়ে বিস্তারিত জানতে পারি। পরে ৯৯৯ এ ফোন করলে পুলিশ এসে তাকে উদ্ধার করে।” পুলিশ ও সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষ পুনরায় ওই রোগীকে তড়িঘরি করে হাসপাতালে নিয়ে যায়, বলেন আসলাম।

ফরিদপুর কোতোয়ালি থানার এস আই সুজন জানান, হাসপাতালের সামনের সড়কে ওই বৃদ্ধকে ফেলে রাখা হয়। স্থানীয় এলাকাবাসী ৯৯৯ এ ফোন করলে পুলিশ এসে তাকে উদ্ধার করে। পরে হাসপাতালের আয়া এসে পুনরায় তাকে নিয়ে যায়।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. সাইফুর রহমান বলেন, বিষয়টি তার জানা নেই। খোঁজ নিয়ে দেখবেন। যে আয়া এই ঘটনা ঘটিয়েছে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।