পিকআপকে ধাক্কা দিয়ে পালাল বাস, প্রাণ গেল দুজনের
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় বাসের ধাক্কায় পিকআপের দুই যাত্রী নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও একজন।
শুক্রবার দুপুরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে উপজেলার চর ঝাঐল এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কামারখন্দ সাব-স্টেশন অফিসার আব্দুল আওয়াল।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
আওয়াল গণমাধ্যমকে বলেন, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একটি পিকআপ কয়েকজন যাত্রী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। চর ঝাঐল এলাকায় পিকআপটিকে একটি যাত্রীবাহী বাস পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
“এতে পিকআপে থাকা তিন যাত্রী সড়কে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই দুজন মারা যান।
অপর আহতকে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। লাশ দুটি হাসপাতালের মর্গে রয়েছে”, যোগ করেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা।
