সিরাজগঞ্জে বজ্রপাতে জেলে, পানিতে ডুবে শিশুর মৃত্যু
সিরাজগঞ্জের চৌহালীতে বজ্রপাতে এক জেলে আর তাড়াশে পানিতে ডুবে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
তারা হলেন চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের ঘুশুরিয়া মোল্লাপাড়ার ময়নাল হকের ছেলে মামুন (২৫) ও তাড়াশ উপজেলার বারুহাস গ্রামের নাহিদ হোসেনের শিশু ছেলে মাসুম বিল্লাহ তাজবীর (২)।
চৌহালী থানার ওসি রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার গভীর রাতে মামুনসহ কয়েকজন জেলে যমুনা নদীতে মাছ ধরতে যান। আবহাওয়া খারাপ থাকায় তারা ঘাটে ফিরে আসেন। পরে ঘুশুরিয়ার ঘাটে তারা পায়ে হেঁটে যাওয়ার পথে বজ্রপাতে মামুনের মৃত্যু হয়।
এদিকে বাড়ির পাশে খেলতে গিয়ে ডোবার পানিতে পড়ে বৃহস্পতিবার সন্ধ্যায় শিশু মাসুম বিল্লাহ তাজবীরের মৃত্যু হয় বলে জানান বারুহাস ইউনিয়ন পরিষদ সদস্য আতাউর রহমান।
তাজবীর বারুহাস গ্রামের নাহিদ হোসেনের ছেলে।
স্থানীয় সদস্য বলেন, সন্ধ্যার একটু আগে তাজবীর বাড়ির পাশে খেলতে গিয়ে পাশের ডোবার পানিতে পড়ে নিখোঁজ হয়। পরে স্বজনরা ডোবা থেকে মৃতদেহ উদ্ধার করেন।
