পাটুরিয়ায় ৩ কিলোমিটার জট, পারের অপেক্ষায় ৫ শতাধিক যান
রাতের ঝড় আর শুক্রবারের ছুটি দুই মিলিয়ে দুই দফা ফেরিচলাচল বন্ধ থাকায় পদ্মার পাটুরিয়া ফেরিঘাট এলাকায় যানজট লেগেছে।
তাছাড়া ঘাট এলাকায় পাঁচ শতাধিক যানবাহন আটকে রয়েছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসির পাটুরিয়া কার্যালয়ের সহকারী ব্যাবস্থাপক আব্দুস সালাম।
শুক্রবার বিকেল ৩টার দিকে তিনি বিডিনিউজ টোয়েন্টি ফোরকে বলেন, বৃহস্পতিবার রাতে ঝড় ও বৃষ্টির কারণে রাত ১০টা থেকে ১১টা এবং রাত ২টা থেকে ৩নটা পর্যন্ত দুই দফা ফেরি চলাচল বন্ধ থাকায় গাড়ির চাপ রয়েছে। এছাড়া ফরিদপুরে আটরশির ওরশের কারণে বাড়তি যানবাহনে পাটুরিয়া ঘাট এলাকায় যানযট তৈরি হয়েছে।
“আর সাপ্তাহিক ছুটির কারণে শুক্রবার প্রাইভেট কারের চাপ তো থাকেই।”
সালাম বলেন, ঘাটের যানজট এড়াতে উথুলি সংযোগ মোড়ে দুই শতাধিক পণ্যবাহী ট্রাক আটকে রাখা হয়েছে। পাটুরিয়া ঘাট ও সড়কে শতাধিক যাত্রীবাহী বাস ও অর্ধশতাধিক ছোট গাড়ি পার হওয়ার অপেক্ষায় রয়েছে।
১৯টি ফেরি যানবাহন পার করছে বলে তিনি জানান।
এদিকে যাত্রীবাহী বাস ও ছোট গাড়ি অগ্রাধিকার দিয়ে পার করায় বিপাকে পড়েছেন পণ্যবাহী ট্রাকচালকরা। তারা অভিযোগ করেছেন, দুর্যোগের সময় তাদের দুই-তিন দিন পর্যন্ত আটকে থাকতে হয় ফেরিঘাটে।
