নারায়ণগঞ্জে কভার্ডভ্যান চাপায় ২ শিশুর মৃত্যু
নারায়ণগঞ্জের আড়াইহাজারে কাভার্ডভ্যান চাপায় একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
শুক্রবার সকাল ৯টায় উপজেলার লেগুরদী উচ্চ বিদ্যালয়ের সামনে ঢাকা-আড়াইহাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা জানান।
মৃতরা হলেন- ইরছা রানী বর্ধণ (৭) ও বৃষ্টি বর্ধণ (৫)।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি বলেন, উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের মনোহরদী গ্রামের সুমন বর্ধন মোটর সাইকেলে করে তার বাবা কার্তিক বর্ধণ, মেয়ে বৃষ্টি ও ভাই সুজনের মেয়ে ইরছাকে নিয়ে সোনারগাঁয়ের বারোদী আশ্রমে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি কভার্ডভ্যান মোটর সাইকেলটিকে চাপা দেয়।
“এ সময় ঘটনাস্থলেই ইরছা রানী মারা যায়। পরে স্থানীয়রা সুমন, কার্তিক ও বৃষ্টিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা বৃষ্টিকে মৃত বলে ঘোষণা করেন।”
আহতদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে পাঠানো হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, পুলিশ কভার্ডভ্যানটি আটক করলেও চালককে পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে।
