রাবি হলের খাবারে ‘কটন বাড’, তিন ঘণ্টা গেটে তালা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি হলের ডাইনিংয়ে ডালের মধ্যে ‘কটন বাড’ পাওয়ার অভিযোগ তুলে হলের গেটে তিন ঘণ্টার বেশি সময় তালা ঝুলিয়ে রেখেছেন ছাত্রলীগ নেতাকর্মীরা।
বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলে এ ঘটনা ঘটে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, দুপুর দেড়টার দিকে হল গেটে তালা লাগিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা শ্লোগান দিচ্ছেন। তবে সেসময় বেশ কিছু সাধারণ শিক্ষার্থীও উপস্থিত ছিলেন।
দুপুর আড়াইটার দিকে প্রক্টর অধ্যাপক আসাবুল হক, ছাত্র উপদেষ্টা অধ্যাপক তারেক নূর, হল প্রভোস্ট সুজন সেন, প্রাধ্যক্ষ পরিষদের সভাপতি অধ্যাপক রওশন জাহিদ, হলটির আবাসিক শিক্ষক রাকিবুল ইসলাম নীরব, অর্ধশতাধিক কর্মী নিয়ে ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া হল গেটে আসেন।
এ সময় তারা সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে নিজেদের একাত্ম হওয়ার ঘোষণা দেন।
আগে থেকে সেখানে আন্দোলনে নেতৃত্ব দিচ্ছিলেন হলটির দায়িত্বপ্রাপ্ত নেতা রাশেদুল ইসলাম ও আহসান উল্লাহ। বিকাল ৫টা পর্যন্ত হল প্রভোস্টের কক্ষে বসে আলোচনা চলে এবং এ সময় হল গেটে তালা ছিল। এক পর্যায়ে আলাপ শেষে হলের গেইট খুলে দেওয়া হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি গোলাম কিবরিয়া বলেন, "সাধারণ শিক্ষার্থীদের দাবিগুলোর পক্ষ নিয়ে আমরা বৈঠকে বসেছিলাম। অল্প সময়ের মধ্যে হলের খাবারের মান উন্নয়ন, রাউটারের সংখ্যা বৃদ্ধি, জয়ী খেলোয়াড় দলের জন্য পোশাক ও আবাসিকতার তালিকায় থাকা সমস্যা সমাধান করবে। এসব করা না হলে সাধারাণ শিক্ষার্থীরা আবার আন্দোলন শুরু করলে আমরা তাদের সাথে যোগ দেব।"
হলের ডাইনিংয়েংর এক কর্মচারী বলেন, “দুপুরের দিকে খাবার পরিবেশনের সময় হঠাৎ করেই আমরা ডালের মধ্যে এক শিক্ষার্থী কটন বাড পেয়েছেন বলে বিষয়টি জানতে পারি। কিন্তু আমরা সে কটনবাড দেখার আগেই ডাল ও অন্যান্য খাবার উল্টে দিয়ে বেশ কিছু শিক্ষার্থীরা হল গেটে চলে যান।”
ডাইনিংয়ের কর্মচারীরা বলেন, ডাইনিং রুম বা রান্নাঘরে কটন বাড ব্যবহার করে এমন কেউ নেই। হয়তো উদ্দেশ্য প্রণোদিতভাবে কেউ কটন বাড দিয়ে থাকতে পারে।
এদিকে বিকালে আলোচনা শেষে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক সাংবাদিকদের বলেন, "তাদের দাবিদাওয়া গুলো আমরা শুনেছি। আজকে আমরা কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারিনি। আগামী ২৬ তারিখ বিশ্ববিদ্যালয় প্রশাসন ও হল প্রশাসন তাদের সাথে আবারও বসবে। হলের ডাইনিংয়ে খাবারের মান আরও কীভাবে উন্নত করা যায় তা নিয়ে আমরা কাজ করব।"
হলটির প্রভোস্ট অধ্যাপক সুজন সেন বলেন, “তারা তাদের মতো কিছু দাবি জানিয়েছে। আমরা সেগুলো লিপিবদ্ধ করেছি, আমরা প্রশাসনের সাথে বসে সিদ্ধান্ত নেব।"
