২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে হাসপাতালে রোগীর স্বামীকে কোপাল ‘নার্সের লোকজন’

ফরিদপুর সদর হাসপাতালে রোগীর স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে একদল লোক; যাদের এক নার্স ডেকে এনেছেন বলে অভিযোগ উঠেছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2022, 08:17 PM

Updated : 02 Aug 2022, 02:59 PM

ঘটনার পর থেকে নার্স ইলা শিকদার পলাতক রয়েছেন বলে জানিয়েছেন জেলার সিভিল সার্জন মো. ছিদ্দিকুর রহমান।

আহত রাসেল মিয়াকে ওই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাসেল ফরিদপুর শহরের টেপাখোলা বিন্দাবন মোড় এলাকার বাসিন্দা।

তার স্ত্রী হীরা বেগম ২১ ফেব্রুয়ারি থেকে সদর হাসপাতালে চিকিৎসাধীন।

হীরা বলেন, “আমার শরীরের একপাশ প্যারালাইজড। প্রতিদিন দুইবার রক্ত পরীক্ষা করতে হয়। বুধবার রাতে হাসপাতালের ল্যাব বন্ধ থাকায় বাইরের বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার থেকে পরীক্ষা করানোর জন্য নার্সকে রক্ত টেনে দিতে বলেন রাসেল।

“কিন্তু নার্স ইলা শিকদার রক্ত টেনে দেওয়া তার দায়িত্ব না জানিয়ে রাসেলের সঙ্গে দুর্ব্যবহার করেন। এ সময় রাসেল নার্সকে বলেন, ‘সরকারি বেতন খান, রক্ত টানবেন না কেন?’ পরে ইলা সুপারভাইজারের কাছে রাসেলের নামে নালিশ করেন। একই সঙ্গে বাইরে ফোন করেন ইলা। এরপর শহরের খাবাসপুর এলাকার দেবাশীষ নয়নসহ কয়েকজন এসে আমার স্বামীকে কুপিয়েছে।”

পরে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়।

নার্স সুপারভাইজার জহুরা বেগম বলেন, “রোগী ও নার্সের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল। সেটা মিটমাট করেছিলাম। কিন্তু পরে তাকে কোপানো হয়। এ ঘটনায় নার্স ইলা জড়িত কিনা তা আমার জানা নেই।”

নার্স ইলার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে বন্ধ পাওয়া গেছে।

চিকিৎসক সাইফুজ্জামান বলেন, “আহত রাসেলের অবস্থা আশঙ্কাজনক। তার প্রচুর ব্লিডিং হয়েছে। এখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”

ঘটনার পর থেকে নার্স ইলা আত্মগোপনে আছেন বলে জানিয়েছেন সিভিল সার্জন মো. ছিদ্দিকুর রহমান।

সিভিল সার্জন বলেন, তিনি আহত রাসেল ও তার স্ত্রীর খোঁজখবর নিচ্ছেন। ঘটনা তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

পুলিশ ইতোমধ্যেই আসামি ধরতে মাঠে নেমেছে বলে জানিয়েছেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকর।