সুনামগঞ্জে ‘পুলিশের নির্যাতনে মৃত্যু’: এসআইকে বদলি
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় পুলিশের নির্যাতনে উজির মিয়া নামে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ ওঠার পর পুলিশের এক এসআইকে বদলি করা হয়েছে।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আবু সাইদ জানান, বুধবার বিকালে এসআই দেবাশীশ সূত্রধরকে শান্তিগঞ্জ থানা থেকে দিরাই থানায় বদলি করা হয়েছে।
শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাঘেরকোণা গ্রামের কাচাই মিয়ার ছেলে ৪০ বছর বয়সী উজির মিয়াকে গত ৯ ফেব্রুয়ারি আটক করা হয়। তারপর ২১ ফেব্রুয়ারি অসুস্থ অবস্থায় বাড়ি থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয়।
এএসপি বলেন, পুলিশের নির্যাতনে উজির মিয়ার মৃত্যু হয়েছে বলে স্বজনরা অভিযোগ তুললে এলাকাবাসী তার লাশ নিয়ে গত ২১ ফেব্রুয়ারি চার ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে প্রশাসনের আশ্বাসে তারা অবরোধ তুলে নিয়ে এ ঘটনার বিচার দাবি করেন। এরপর ২২ ফেব্রুয়ারি ঘটনা তদন্তে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগ দুটি কমিটি গঠন করে।
স্থানীয়রা জানান, গত ৯ ফেব্রুয়ারি শান্তিগঞ্জ থানার পুলিশ উজিরকে গরু চুরির অভিযোগে গ্রেপ্তার করে। পরে তাকে নির্যাতন করা হয় বলে উজির জামিন পেয়ে স্বজনদের জানান।
তাকে সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সেই নির্যাতনের জেরে সোমবার (২১ ফেব্রুয়ারি) সকালে অসুস্থ হন তিনি। তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকেরা উজিরকে মৃত ঘোষণা করেন।
ওইদিন অবরোধকারীরা বেলা ২টা থেকে ৫টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখলে কয়েক শ যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
বাঘেরকোনা গ্রামের বাসিন্দা উজির মিয়ার চাচাতো ভাই গোলাম মোস্তফা বলেন, “নির্যাতনের কারণে আমার ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় শান্তিগঞ্জ থানার এসআই আলাউদ্দিন, এসআই দেবাশীষ ও এসআই পার্ডন কুমার সিংহের বিচারের দাবিতে উজিরের লাশ নিয়ে এলাকাবাসী সড়ক অবরোধ করেছিলেন। শুনেছি তাদের একজনকে বদলি করা হয়েছে।”
ঘটনার সুষ্ঠ তদন্ত না হলে আবারও কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি জানান তিনি।
