২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে ‘পুলিশের নির্যাতনে’ একজনের মৃত্যু, সড়ক অবরোধ

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় পুলিশের নির্যাতনে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ তুলে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে এলাকাবাসী।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2022, 06:08 PM

Updated : 25 Oct 2022, 10:15 AM

উপজেলার পাগলা বাঘেরকোণা গ্রামে উজির মিয়া (৪০) নামে এক ব্যক্তির মৃত্যুর পর ঘটনায় তারা এই বিক্ষোভ দেখান বলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সাইদ জানান।

উজির মিয়া ওই গ্রামের কাচাই মিয়ার ছেলে।

অবরোধকারীরা জানান, গত ৯ ফেব্রুয়ারি শান্তিগঞ্জ থানার পুলিশ গরু চুরির অভিযোগে উজিরকে গ্রেপ্তার করে। পরে তাকে নির্যাতন করা হয় বলে উজির জামিন পেয়ে স্বজনদের জানান। তাকে সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সেই নির্যাতনের জেরে সোমবার সকালে অসুস্থ হন তিনি। তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। এতে ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী লাশ নিয়ে মহাসড়ক অবরোধ করেন।

পুলিশ কর্মকর্তা আবু সাইদ বলেন, বেলা ২টা থেকে ৫টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখলে কয়েক শ যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। অবরোধকারীদের অভিযোগ খতিয়ে দেখে কেউ দোষী হলে ব্যবস্থা নেওয়া হবে বলে তাদের আশ্বাস দেওয়া হয়েছে।