অ্যালকোহল নিয়ন্ত্রণ বিধিমালা প্রণয়ন: সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ
অ্যালকোহল নিয়ন্ত্রণ বিধিমালা প্রণয়নের মাধ্যমে মদের লাইসেন্স দেওয়ার উদ্যোগের প্রতিবাদ এবং তা প্রত্যাহারের দাবিতে সিরাজগঞ্জে বিক্ষোভ করেছে জামায়াতে ইসলামী।
বুধবার সকালে জেলা শহরের এস বি ফজলুল হক রোডে তারা মিছিল করেন; পরে সমাবেশে অংশ নেন।
সরকার সম্প্রতি ‘অ্যালকোহল নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২’ জারি করেছে। এটি ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮’-এর অধীনে করা হয়েছে। এর মধ্য দিয়ে দেশে প্রথমবারের মতো অ্যালকোহল বা মদ উৎপাদন, কেনাবেচা, পান করা, পরিবহন, আমদানি-রপ্তানির ক্ষেত্রে নিয়মনীতি স্পষ্ট করা হলো।
অ্যালকোহল বিধিমালার অধীনে ২১ বছরের বেশি বয়সীরা মদ খাওয়ার অনুমতি পাবেন। তবে এর জন্য লিখিত পারমিট সংগ্রহ করতে হবে। মুসলিমদের ক্ষেত্রে সহযোগী অধ্যাপক পদমর্যাদার কোনো চিকিৎসকের সনদ প্রয়োজন হবে।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে জেলা জামায়াতের প্রচার সম্পাদক শহিদুল ইসলাম বলেন, বর্তমান সরকার কথিত মাদকবিরোধী অভিযানের নামে নির্বিচারে মানুষ হত্যা করলেও এখন মদের লাইসেন্স দিয়ে দেশের বৃহত্তর জনগোষ্ঠীর আবেগ, অনুভূতিবোধ, বিশ্বাস ও ধর্মীয় অনুভূতিতে যে আঘাত হেনেছে তা ‘তৌহিদি জনতা’ কোনোভাবেই মেনে নেবে না।
সরকারকে এই বিধিমালা প্রণয়নকে ‘গণবিরোধী’ উল্লেখ করে তা প্রত্যাহারের আহ্বান জানান তিনি।
