৩ নম্বর সতর্কতা সংকেত প্রত্যাহার, ফিরেছেন সেন্টমার্টিনের পর্যটকরা
বৈরী আবহাওয়ার কারণে জারি করা ৩ নম্বর সতর্কতা সংকেত প্রত্যাহারের পর ফিরতে পেরেছেন সেন্টমার্টিনে আটকা পড়া প্রায় আড়াই হাজার পর্যটক।
মঙ্গলবার বিকালে আটটি জাহাজে করে তারা ফিরেছেন বলে অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের টেকনাফ অঞ্চলের ট্রাফিক সুপারভাইজার জহির উদ্দিন ভূঁইয়া জানিয়েছেন।
রোববার বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিন থেকে জাহাজ ছাড়তে না পারায় তারা সেখানে আটকা পড়েন। সেন্টমার্টিনে বেড়াতে যাওয়াও বন্ধ হয়ে যায়। সোমবার রাতে আবহাওয়া অধিদপ্তর ৩ নম্বর সতর্ক সংকেত প্রত্যাহার করলে তাদের চলাচলের পথ খোলে।
সুপারভাইজার জহির বলেন, মঙ্গলবার সকালে পুনরায় জাহাজ চলাচল শুরু হয়। টেকনাফ থেকে সাতটি জাহাজ পর্যটক নিয়ে সেন্টমার্টিন যায়। তাছাড়া কক্সবাজার থেকে একটি জাহাজও যায় সেন্টমার্টিন। বিকেলে ফেরার পথে আটটি জাহাজে করে আটকে পড়া পর্যটকরা টেকনাফ ও কক্সবাজারে ফেরেন।
