পদ্মায় বাঁশের বেড়া দিয়ে মাছ শিকার
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীর মাঝখানে বেআইনিভাবে বাঁশের বেড়া দিয়ে মাছ ধরছেন জেলেরা।
নদীর তীর থেকে ভেতরের দিকে বেড়া দিয়ে সেই বেড়ায় জাল বেঁধে দীর্ঘদিন ধরে মাছ ধরার কথা স্বীকারও করেছেন তারা।
উপজেলার দেবগ্রাম এলাকায় গিয়ে দেখা গেছে, তীর থেকে ভেতরের দিকে প্রায় ছয়শ মিটার বাঁশের বেড়া দেওয়া হয়েছে। বেড়ার সঙ্গে বিভিন্ন ধরনের জাল আটকে দেওয়া হয়েছে।
বাঁশের বেড়ার কিছু দূর পরপর রয়েছে একটি করে মুখ। নদীর স্রোতের সঙ্গে আসা মাছগুলো সেখানে গিয়ে জালে আটকা পড়ছে।
রুই, কাতলা, পুঁটি, ট্যাংরা, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ে বলে জানান জেলেরা।
খায়রুল খান নামে একজন জেলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বছর দশেক আগে এখানে প্রচুর মাছ পাওয়া যেত। দিন দিন কমে গেছে।
“এখন নদীতে মাছ পাওয়াই যায় না। না পাওয়ার মূল কারণ হচ্ছে চায়না দুয়ারি ও কারেন্ট জালের ব্যবহার। এসব জাল ব্যবহারে মাছের উৎপাদন কমে যাচ্ছে।”
প্রশাসন সম্প্রতি কিছু বেড়া অপসারণ করলেও এখনও রয়েছে অনেক জায়গায়।
জেলা মৎস্য কর্মকর্তা মশিউর রহমান বলেন, “আইনে স্পষ্ট করে বলা আছে নদীর মাঝখানে স্থায়ীভাবে কোনো বেড়া বা বাঁধ দেওয়া যাবে না। এতে মাছের বংশবিস্তার থেমে যায়। মৎস্য আইনে এ-ও বলা আছে, কোথাও আটকে মাছ ধরাও যাবে না।
“অবৈধ বেড়া অপসারণের জন্য কাজ চলছে। গত কয়েক দিনে সদর উপজেলার উড়াকান্দা ও গোয়ালন্দ উপজেলায় অভিযান চালিয়ে বাঁধ অপসারণ করা হয়েছে।”
ভবিষ্যতে এ ধরনের বেড়া দেওয়ার চেষ্টা কেউ যেন না করে সে ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।
