২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় ‘প্রতিবাদকারী’ স্কুলছাত্র হত্যায় গ্রেপ্তার ১

কুষ্টিয়ার শিলাইদহে ছাত্রীদের উত্যক্তের প্রতিবাদকারী এক স্কুলছাত্রের প্রাণ হারানোর ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2022, 06:17 PM

Updated : 02 Aug 2022, 02:58 PM

গত সোমবার রাতে ফেনী সদর থানার ডাক্তার পাড়া এলাকা থেকে মো. আলী ওরফে বাবু বিশ্বাস (২১) নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর জানান, কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহের খোরশেদপুর বাজার এলাকায় গত ২৬ জানুয়ারি স্কুলছাত্র দিদারুল ইসলামকে (১৬) হত্যা করা হয়। ওইদিন রাত সাড়ে ৯টার দিকে দিদারুলকে নিজের দোকান 'বাবু ফার্নিচারে' ডেকে নেয় বাবু বিশ্বাস। এরপর তিনি বাটাল দিয়ে ওই কিশোরকে আঘাত করে হত্যা করেন।

এ ঘটনায় নিহতের বাবা আবুল হোসেন (৬৫) বাবু বিশ্বাসসহ চারজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

গ্রেপ্তার বাবুর স্বীকারোক্তির বরাত দিয়ে মুক্তা ধর বলেন, "গ্রেপ্তার বাবু জানায়, তার ছোটভাই কুষ্টিয়ার কোমরকান্দি বাজারের মোটর সাইকেলের মেকানিক মামুনুর রশিদ আশিক (১৮) স্কুলে পড়ুয়া ছাত্রীদের রাস্তাঘাটে পেলেই ইভটিজিং করতো। তার ভাইয়ের এসব কাজকর্মে বাধা হয়ে দাঁড়ায় খোরশেদপুর মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র দিদার।

"ইভটিজিং করার প্রতিবাদসহ বিভিন্ন বিষয় নিয়ে গ্রেপ্তার বাবুর ভাই আশিক ও দিদারের সঙ্গে শত্রুতা তৈরি হয়। সেই শত্রুতার সূত্র ধরে বাবু তার ভাইয়ের পক্ষ নিয়ে দিদারকে দোকানে ডেকে এনে হত্যা করে।"

এ ঘটনায় অন্যান্যদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান সিআইডির এ কর্মকর্তা।