ঠাকুরগাঁওয়ে ওয়াশ ব্লকে রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের অভিযোগ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার জাবরহাট ডিগ্রি কলেজে ওয়াশ ব্লকের নির্মাণকাজে রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে।
জাবরহাট ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক তৈয়ব আলী মঙ্গলবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে অভিযোগ করে বলেন, “সোমবার সকালে অধ্যক্ষ করিমুল ইসলামসহ শিক্ষক-কর্মচারীরা কলেজ মাঠে নির্মিত শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি পুষ্পার্ঘ অর্পণ করেন।
“এরপর মাঠের পাশে ওয়াশ ব্লকের নির্মাণকাজ পরিদর্শনে যায় সবাই। তখন দেখা যায়, ওয়াশ ব্লকের জন্য সদ্যনির্মিত স্ল্যাবের (ঢাকনা) এক প্রান্তে বাঁশের বাতার অংশবিশেষ বের হয়ে আছে। পরে স্ল্যাবটি ভাঙা হয়।
সহকারী অধ্যাপক বলেন, “দেখা যায়, লোহার রডের পরিবর্তে ওয়াশ ব্লকের স্ল্যাবে বাঁশ ব্যবহার করা হয়েছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) পীরগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. শামীম আক্তারকে মুঠোফোনের মাধ্যমে জানানো হয়।“
“আমরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের কাজ করছি। প্রত্যেকটিতে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের উপস্থিতিতে ঢালাই করা হয় এবং শতভাগ রড দেওয়া হয়। আর এগুলোর ছবিও আমার কাছে আছে।
প্রকৌশলী বলেন, “জাবরহাট ডিগ্রি কলেজে রডের পরিবর্তে বাঁশের বাতার ব্যবহার করা হয়েছে বিষয়টি জানার পর সেখানে যাওয়া হয়। ঘটনাস্থলে এমন কিছু আমার চোখে পড়েনি। ওয়াশ ব্লকের এই ঢাকনা আদৌ ঠিকাদারি প্রতিষ্ঠান করেছে, নাকি অন্য কেউ এখানে এনে ফেলে রেখেছে বিষয়টি দেখা হচ্ছে। বর্তমানে ওই শিক্ষাপ্রতিষ্ঠানে কাজ বন্ধ রাখা হয়েছে। আমাদের কাজের কোয়ালিটিতে কোনো ছাড় নেই।”
মাহেবুল এন্টারপ্রাইজের ঠিকাদার মো. ফারুক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মিস্ত্রি আমার অজান্তে লোহার রডের পরিবর্তে বাঁশের বাতা ব্যবহার করেছে। ওই মিস্ত্রিকে কাজ থেকে বাদ দেওয়া হয়েছে। এমনও হতে পারে, কেউ আমাকে সামাজিকভাবে হেয় করার জন্য মিস্ত্রির দ্বারা এটি করিয়েছে। রড না দিয়ে বাঁশের বাতা ব্যবহার সম্পর্কে আমি অবগত ছিলাম না।”
স্থানীয় বাসিন্দা সিরাজুল ইসলাম বলেন, “আমরা কোন যুগে বসবাস করছি। মানুষজন এখন অনেক সচেতন। তারপর জাবরহাট ডিগ্রি কলেজে ওয়াশ ব্লকের কাজে লোহার রডের পরিবর্তে বাঁশের ব্যবহার বিষয়টি সত্যিই দুঃখজনক। বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিৎ।”
কলেজের দাতা সদস্য হুমায়ুন কবীর বলেন, “করোনাভাইরাসের কারণে কলেজ বন্ধ ছিল। এজন্য কলেজের ওয়াশ ব্লকের কাজে তদারকি করা সম্ভব হয়নি। ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন শেষে কলেজ পরিদর্শনের সময় ওয়াশ ব্লকের স্ল্যাবে রডের পরিবর্তে বাঁশের বাতা ব্যবহার করা হয়েছে, এটি স্পষ্ট দেখতে পেয়েছি। বিষয় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে আশা করছি। “
পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রডের পরিবর্তে বাঁশের বাতা ব্যবহার বিষয়টি আমি শুনতে পেয়েছি। সঙ্গে সঙ্গে উপজেলা প্রকৌশলীকে বলা হয়েছে কাজ বন্ধ রাখার জন্য। বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি।”
