২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে কলেজ শিক্ষকের বাড়িতে ‘ডাকাতি’

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এক কলেজ শিক্ষকের বাড়িতে হানা দিয়ে একদল লোক নগদ টাকা ও মূল্যবান সম্পদ নিয়ে গেছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2022, 11:32 PM

Updated : 02 Aug 2022, 02:56 PM

শুক্রবার ভোরে উপজেলার পাটগাতী বাস স্ট্যান্ডের পাশে বাবর আলী মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে।

বাবর আলী এ ঘটনাকে ‘ডাকাতি’ বললেও টুঙ্গিপাড়া থানা পুলিশ এটিকে ডাকাতি না বলে ‘চুরি’ বলছে।

টুঙ্গিপাড়া সরকারি শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক বাবর আলী মোল্লা বলেন, প্রতিদিনের মতো স্ত্রী ও দুই মেয়েসহ তিনি ঘুমিয়ে ছিলেন। ভোরের দিকে দেওয়াল টপকে দোতলার বারান্দার দরজা খুলে ঘরে প্রবেশ করে ‘ডাকাত’ দলের সদস্যরা।

“প্রথমে আমার কক্ষে পাঁচ জন প্রবেশ করে দেশি অস্ত্র ঠেকিয়ে আমাকে মেয়ের কক্ষে নিয়ে যায় এবং সবাইকে ওই কক্ষের মধ্যে রেখে আলমারি, ওয়ারড্রোব ভেঙে আমার জমি বিক্রি করা ৭০ হাজার টাকা এবং আমার স্ত্রী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক – তার বিদ্যালয়ের স্লিপের ৩০ হাজর টাকা মোট এক লাখ টাকা ও সাড়ে তিন ভারি স্বর্ণ নিয়ে যায়।”

এরপর ‘ডাকাতরা’ নিচতলায় জাগরনি চক্র ফাউন্ডেশনের কার্যালয়ে যায় বলে জানান বাবর আলী।

বাবর আলীর স্ত্রী নার্গিস জাহান বলেন, “আমার স্বামীকে আমাদের কক্ষে নিয়ে আসে এবং অস্ত্র তাক করে বলে আপনাদের কোনো ভয় নেই৷ আপনাদের কিছু বলব না। আপনারা সবাই চুপ করে থাকেন এবং টাকা কোথায় আছে সেটা বলে দেন। এরপর ডাকাত দলের দুই সদস্য আমাকে হুমকি দিয়ে বলে, তোমাদের বাসায় খাবার নেই? এরপর আমার ফ্রিজে রাখা খারার খায় তারা।”

জাগরনি চক্র ফাউন্ডেশনের অফিস সহকারী সুমন শেখ বলেন,  “ভোরে অফিসের দরজার তালা ভেঙে আমাকে হাত বেঁধে দোতলায় বাবর আলী স্যারের বাসায় নিয়ে তাদের সাথে একই কক্ষে রাখে। এর আগে অফিসের টেবিলের ড্রয়ার ভেঙে ১০ হাজার টাকা নিয়ে যায়।”

এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার ওসি একেএম সুলতান মাহমুদ সাংবাদিকদেরকে বলেন, “এটি একটি চুরির ঘটনা। আমরা তদন্ত করে দেখছি। এ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের ষ্টো চালানো হচ্ছে।”